কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে পরপর দ্বিতীয় দফার শক্তিশালী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ ঝড়ের তাণ্ডবে উত্তর ভ্যানকুভার ও ভ্যানকুভার দ্বীপের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারি সারি গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনায় অন্তত একজনের প্রাণহানি ঘটেছে।
প্রদেশের উত্তর-পশ্চিম ভ্যানকুভার দ্বীপের জেবালোস গ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী জেরারি সুলিভান ও তার স্ত্রী ভিকি সুলিভান জানান, গত শনিবার বিকেল থেকে তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় এমন প্রচণ্ড গতির বাতাস ও বজ্রপাত তারা দেখেননি বলে উল্লেখ করেন। প্রবল ঝড়ে বাইরে গাছ ভেঙে পড়ার শব্দ শুনতে পাওয়ার কথা জানান তারা। পরিস্থিতি মোকাবিলায় তারা জেনারেটর ও কাঠের চুলার ওপর ভরসা করছেন।
ঝড়ের পাশাপাশি ভূমিধসের আশঙ্কায় জেবালোস গ্রাম কর্তৃপক্ষ গত শুক্রবার একটি উচ্ছেদ আদেশ জারি করেছিল, যা রোববার সংশোধন করা হয়েছে। স্ট্র্যাথকোনা আঞ্চলিক জেলা এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার ভূপ্রকৃতিগত বা জিওটেকনিক্যাল মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরুরি সেবা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে চলতি সপ্তাহে আরও নতুন ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।
এদিকে সারিতে অবস্থিত রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার সন্ধ্যায় এক ঝড়ের সময় মহাসড়কের ওপর গাছ ও বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে দুটি গাড়ি আটকে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করলেও গাড়িচালক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। অন্য চালক সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন এলাকায় ভূমিধস এবং জলমগ্নতার ঘটনাও ঘটেছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিসি হাইড্রো জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়ে প্রায় ৪ লাখ ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। রোববারের মধ্যে বড় একটি অংশের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হলেও বিকেল নাগাদ প্রায় ৩০ হাজার গ্রাহক তখনও অন্ধকারে ছিলেন। প্রিন্স জর্জের উত্তর ও পূর্ব অঞ্চলের কেন্দ্রীয় অভ্যন্তরভাগে বিদ্যুৎ ব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে অসংখ্য খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি তার ছিঁড়ে যাওয়ায় কর্মীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কানাডার পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগের এখানেই শেষ নয়। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অঞ্চলটিতে আরও একটি শক্তিশালী ও তীব্র ঝড় আঘাত হানতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও উঁচুতে অবস্থিত পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। ফ্রাছার ক্যানিয়ন ও উত্তর-মধ্য ব্রিটিশ কলাম্বিয়ায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগগুলোকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

