দেশের অন্যতম শীর্ষস্থানীয় পার্সেল ও কুরিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের ওপর সাম্প্রতিক সময়ে দফায় দফায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। রাজধানীর হাজারীবাগে অবস্থিত প্রতিষ্ঠানটির মূল গুদাম ও সরবরাহ কেন্দ্র থেকে সারা দেশে পণ্য পরিবহন করা হয়। কিন্তু গত তিন সপ্তাহ ধরে এই কুরিয়ার সার্ভিসটির গাড়ি লক্ষ্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় লাগাতার হামলা চালানো হচ্ছে। গত ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত—এই ২৪ দিনের ব্যবধানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বিভিন্ন স্থাপনা, পরিবহন এবং মাঠপর্যায়ের কর্মীদের ওপর অন্তত ১৯ বার হামলার ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলাকারীরা বিভিন্ন কৌশলে এই তাণ্ডব চালাচ্ছে। কখনো রাজধানীর চলন্ত গাড়িতে ইটপাটকেল ছুড়ে কাচ ভেঙে ফেলা হচ্ছে, আবার কখনো মোটরসাইকেলে এসে গতিরোধ করে চালকদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া বেশ কিছু স্থানে কুরিয়ারের গাড়িতে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এসব আকস্মিক ও সহিংস হামলায় প্রতিষ্ঠানটির অন্তত ছয়জন চালক ও কর্মী গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে গাড়ি ভাঙচুরের ফলে বহু গ্রাহকের মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার এক দিনেই রাজধানীর তিনটি ভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসটির তিনটি গাড়ি হামলার শিকার হয়। এর মধ্যে ভোরের দিকে একটি কাভার্ড ভ্যানে হামলা চালানো হয়। পরবর্তীতে রাতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় আরেকটি গাড়িতে এবং রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা অবস্থায় আরও একটি গাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
এদিকে এত ঘনঘন সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কারা এই নাশকতার নেপথ্যে রয়েছে, সেটিও সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ঘটে যাওয়া হামলাগুলোর ক্ষেত্রেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুরিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের বিভিন্ন থানায় এ পর্যন্ত ৭টি মামলা, ৪টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৪টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবুও কোনোভাবেই থামছে না এই ধারাবাহিক হামলা।
একাধিক ঘটনার সিসিটিভি ফুটেজ ও দৃশ্যমান প্রমাণ থাকার পরেও কেন অপরাধীদের আইনের আওতায় আনা যাচ্ছে না, তা নিয়ে জনমনে ও সংশ্লিষ্ট মহলে গভীর প্রশ্নের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের পণ্য সুরক্ষার পাশাপাশি চালক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ। অন্যথায় এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

