স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিজোর সঙ্গে এক ফোনালাপে এল হিয়েরো অঞ্চলে চিকিৎসা সেবা জোরদার এবং আগামী মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় অভিবাসন কমিশন ডাকার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ক্যানারি দ্বীপপুঞ্জে চলমান তীব্র অভিবাসন সংকট ও স্থানীয় জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিত্রা পোস্ট আন্তর্জাতিক ডেস্ককে নিশ্চিত করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে ফার্নান্দো ক্লাভিজো এই ফোনালাপের বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এল হিয়েরো দ্বীপ যে অত্যন্ত নাজুক ও গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা তিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। ক্লাভিজো স্মরণ করিয়ে দেন যে, ক্যানারি দ্বীপপুঞ্জ বিগত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত সম্পদ বরাদ্দ, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং একটি সমন্বিত রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার দাবি জানিয়ে আসছে।
দ্বীপপঞ্জের নেতাদের এই ধারাবাহিক দাবির মুখে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জরুরি ভিত্তিতে অভিবাসন কমিশন ডাকার এবং অভিবাসন বিষয়ক রাষ্ট্রীয় সেক্রেটারিয়েটের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবা অবকাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছেন। ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের মতে, আসন্ন এই উচ্চপর্যায়ের বৈঠকটি কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোর মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাস্তবায়নের সময়সীমা সংবলিত একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাভিজো জোর দিয়ে উল্লেখ করেন যে, সংকট চরম আকার ধারণ করার পরেই কেবল প্রতিক্রিয়া জানানোর পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
বর্তমান অভিবাসন সংকট মোকাবিলায় শুধুমাত্র স্পেনের কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর না করে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন ক্যানারির প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসকে জানিয়েছেন যে, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপীয় স্বরাষ্ট্র ও অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনারের সঙ্গে জরুরি বৈঠকের আবেদন করেছেন। তার মতে, ক্যানারি দ্বীপপুঞ্জ একা একা এই বিশাল অভিবাসন চাপ আর মোকাবিলা করতে সক্ষম নয়, যার জন্য সমগ্র ইউরোপের যৌথ সহযোগিতা ও কঠোর হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছে।




