বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জনসভায় দেশের একটি রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের মধ্যে গোপন আঁতাত ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ তোলার পর থেকেই এই বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। অতীতে বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের যে নেতিবাচক সংস্কৃতি ছিল, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরও সেই ধারা অব্যাহত রয়েছে কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
গত মঙ্গলবার রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালের দিকে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভায় দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন যে, দেশবিরোধী একটি চক্র সীমান্ত পেরিয়ে আসা অর্থের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন যে, বিগত দিনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তি অর্থায়ন করছে এবং দেশের ভেতরে তাদের দোসররা সেই অর্থ ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। সরকারপ্রধানের এই বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বর্তমান সরকার নিজেদের নানামুখী ব্যর্থতা, দুর্নীতি এবং অপকর্ম আড়াল করার উদ্দেশ্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলগুলোর ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। দলটির মতে, এ ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতেই সাহায্য করে। অন্যদিকে, ক্ষমতাসীন দল বিএনপির জ্যেষ্ঠ ও দায়িত্বশীল নেতারা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সম্পূর্ণ তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত বলে দাবি করছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স সংবাদমাধ্যমকে দেওয়া মন্তব্যে উল্লেখ করেছেন যে, সরকারপ্রধান যখন কোনো সুনির্দিষ্ট তথ্য জাতির সামনে তুলে ধরেন, তখন নিশ্চিতভাবেই তাঁর দপ্তরে এর চেয়েও গভীর এবং পাকাপোক্ত গোয়েন্দা তথ্য সংরক্ষিত থাকে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, অতীতেও ১৯৮৬ কিংবা ১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন আদর্শের দলগুলোর মধ্যে নানা ধরনের কৌশলগত বা অপ্রকাশ্য জোটবদ্ধতা তৈরি হয়েছিল। বিএনপির নীতিনির্ধারক মহলের ধারণা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে পুরনো মিত্ররা নতুন রূপ নিয়ে আবির্ভূত হতে পারে। তবে এই পুরো পরিস্থিতি নিয়ে সাবেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যেকোনো সার্বভৌম রাষ্ট্র পরিচালনার স্বার্থেই সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের আবশ্যকতা রয়েছে। তবে রাষ্ট্রপতির বা সরকারপ্রধানের মুখ থেকে যখন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ ধরনের রাজনৈতিক বক্তব্য প্রকাশ্যে আসে, তখন মাঝেমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন উঁকি দিতে পারে। বিএনপিরই আরেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন মত প্রকাশ করেছেন যে, যদি সত্যিই সীমান্ত পার থেকে অর্থ এসে থাকে এবং দেশের ভেতরে কেউ তা গ্রহণ করে অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত কালবিলম্ব না করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ রাষ্ট্রে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং পেশাদার প্রশাসন প্রত্যাশা করেছিল। অতীতে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহারের যে তিক্ত অভিজ্ঞতা জনগণের রয়েছে, বর্তমান গণতান্ত্রিক যাত্রায় সেই সংস্কৃতির সম্পূর্ণ বিলুপ্তি কাম্য। তাই কেবল রাজনৈতিক বক্তব্যের হাতিয়ার হিসেবে নয়, বরং দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে গোয়েন্দা সংস্থাগুলোকে সম্পূর্ণ পেশাদার ও জনস্বার্থমুখী হিসেবে পরিচালনা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।



