জার্মানির উত্তর রাইন-ভেস্টফালিয়া অঙ্গরাজ্যের বিয়েলফেল্ড শহরের ব্র্যাকভেড এলাকায় আবারও নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি জুয়েলারির দোকান লক্ষ্য করে একাধিক গুলিবর্ষণ করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানটির নামানো মেটালের শাটারে অসংখ্য বুলেটের দাগ বা Einschlüsse দেখতে পায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার সময় ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভেতরে কোনো লোকজন উপস্থিত ছিলেন না। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। পুলিশের এক মুখপাত্র জানান, হামলার পেছনের মূল কারণ এবং জড়িতদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে সাক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। এর আগে গত সেপ্টেম্বরের শেষভাগে বিয়েলফেল্ডের আরেকটি গয়নার দোকানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, গত শনিবার থেকে রবিবারের মধ্যবর্তী রাতে একই শহরের ব্র্যাকভেড এলাকায় একটি জুয়েলারির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণে দোকানটির শোকেসের কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। সৌভাগ্যবশত সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। তবে পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটানো প্রধান সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।
গত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে বিয়েলফেল্ডে মূলত একদল দুর্বৃত্তের ধারাবাহিক চাঁদাবাজি ও ভয়ভ দেখানো বা Erpressungsversuche শুরু হয়েছিল। অজ্ঞাত অপরাধীরা প্রথমে শহরের এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং পরবর্তীতে তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায়। এই ঘটনার সূত্র ধরে বিয়েলফেল্ড ও তার আশেপাশের এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতে থাকে। পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সাম্প্রতিক এই নতুন গুলিবর্ষণের ঘটনা আগের সেই চক্রের ধারাবাহিকতা নাকি নতুন কোনো অপরাধচক্রের কাজ, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।


