বাংলাদেশের স্বাস্থ্য খাত, চিকিৎসা গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য সসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জোবাইদা রহমান। স্থানীয় সময় দুপুরে জাপানের রাজধানী টোকিওতে সসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপ তুলে ধরে তিনি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে দেওয়া বক্তব্যে জোবাইদা রহমান উল্লেখ করেন যে, বাংলাদেশের বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতের পাশাপাশি শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে সবচেয়ে বড় নীতিগত অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। সকলের জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের পক্ষ থেকে নানামুখী প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, কেবল চিকিৎসাসেবা নয়, বরং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড প্রবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এসকল নীতি বাস্তবায়নের ফলে দেশের তৃণমূল পর্যায়ে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।
নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের জায়গা হিসেবে স্বাস্থ্য খাতের কথা উল্লেখ করে জোবাইদা রহমান বলেন, জনগণের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক অংশীদারত্ব এবং বৈশ্বিক অভিজ্ঞতার আদান-প্রদান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের এই সম্পর্ক প্রতিনিয়ত গতিশীল ও নতুন উচ্চতায় উন্নীত হচ্ছে। স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করার জন্য বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগ গ্রহণের প্রচুর সুযোগ রয়েছে এবং সসাকাওয়া ফাউন্ডেশন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে।




