হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা বর্তমান সময়ে প্রায়ই শোনা যায়। তবে চিকিৎসকদের মতে, হঠাৎ করে বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ার আগেও শরীর বিভিন্ন ধরনের প্রাথমিক সংকেত বা উপসর্গ পাঠায়। এসব লক্ষণ সময়মতো বুঝতে পারলে এবং দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারলে বহু প্রাণ বাঁচানো সম্ভব। বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। বেশির ভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের পূর্বলক্ষণ হিসেবে বুকে অল্প ব্যথার সঙ্গে একধরনের অস্বস্তি অনুভূত হয়। অনেক সময় হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হতে পারে। সাধারণত হার্ট অ্যাটাকের সময় বুকের ঠিক মাঝখানে এক ধরনের ভারি চাপ অনুভূত হয়। এই ব্যথা ও অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে অথবা থেমে থেমে কিছুক্ষণ পর আবার ফিরে আসতে পারে।
বুকের এই অস্বস্তির পাশাপাশি পিঠ, ঘাড়, চোয়াল এবং পাকস্থলীর উপরিভাগেও অদ্ভুত ধরনের অস্বস্তি বা ব্যথা দেখা দিতে পারে। এ ছাড়া অনেক রোগীর ক্ষেত্রে বুক ধড়ফড় করার সঙ্গে শ্বাস ছোট হয়ে আসা, অতিরিক্ত ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং বমি ভাব বা বমি হওয়ার মতো উপসর্গও দেখা যায়। মূলত হৃদপিণ্ডের রক্তনালীতে যখন পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালিত হতে পারে না, তখনই হার্ট অ্যাটাকের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বির মাত্রা, নিয়মিত ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
কাউের হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে প্রথমেই ঘাবড়ে যাওয়া বা আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্ক পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে রোগীকে সাময়িকভাবে স্থিতিশীল রাখতে কিছু কৌশল বেশ কাজে দেয়। এর মধ্যে একটি কার্যকর পদ্ধতি হলো ঘন ঘন ও জোরে কাশি দেওয়া। তবে খেয়াল রাখতে হবে, কাশি দেওয়ার আগে যেন প্রতিটিবার একটি দীর্ঘশ্বাস নেওয়া হয়। ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং কাশির মাধ্যমে বুকে যে প্রাকৃতিক চাপের সৃষ্টি হয়, তা হৃৎপিণ্ডকে কিছুটা সময় রক্ত সঞ্চালন বজায় রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘশ্বাস নেওয়া এবং ঘন ঘন কাশি দেওয়ার এই প্রক্রিয়াটি প্রতি দুই মিনিট পরপর চালিয়ে যাওয়া যেতে পারে। এটি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সংকটকালীন সময়ে শারীরিক সাপোর্ট জোগাতে সাহায্য করে। দীর্ঘশ্বাসের ফলে শরীরে অক্সিজেন পরিবহন বৃদ্ধি পায় এবং বুকের ভেতরের চাপে হৃৎপিণ্ড সাময়িকভাবে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তুতি পায়। তবে এটিকে স্থায়ী চিকিৎসা ভাবা কোনোভাবেই ঠিক হবে না।
প্রাথমিক এই পদক্ষেপগুলো নেওয়ার পাশাপাশি বিন্দুমাত্র সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে হার্ট অ্যাটাকের রোগীদের জন্য গোল্ডেন আওয়ার বা প্রথম এক ঘণ্টার মধ্যেই সঠিক চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটু সচেতনতা, সঠিক সময়ে লক্ষণ চেনা এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমেই কেবল একজন হৃদরোগীর জীবন রক্ষা করা সম্ভব।




