আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে গৃহবন্দি অবস্থায় থাকা ৭৪ বছর বয়সী এক ইতালীয় অপরাধী কৌশলে পালিয়ে গেছেন। ১৯৭০-এর দশকে উগ্র বামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হয়ে অপহরণের অপরাধে দণ্ডিত লিওনার্দো বের্তুলাজ্জি পঞ্চম তলার বারান্দা থেকে হার্নেস ব্যবহার করে নিচে নেমে চম্পট দেন। ইতালিতে তার প্রত্যার্পণের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে ছিল, ঠিক তখনই এই চাঞ্চল্যকর পলায়নের ঘটনা ঘটে।
লিওনার্দো বের্তুলাজ্জির পলায়ন তৎক্ষণাৎ ধরা পড়েনি কারণ তিনি তার পায়ে থাকা ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটারে সুকৌশলে কারসাজি করেছিলেন। ডিভাইসটি খুলে ফেলার পরেও যাতে শরীরের তাপমাত্রা ও অবস্থান ঠিকমতো সংকেত পাঠাতে থাকে, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় এই মনিটরের মাধ্যমে তার গতিবিধি ও শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করছিল। তবে ডিভাইসটি দীর্ঘক্ষণ এক জায়গায় স্থির থাকার পর কর্মকর্তাদের সন্দেহ হয়।
কর্মকর্তারা বুয়েনস আইরেসের কেন্দ্রস্থলে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দেখতে পান যে বের্তুলাজ্জি উধাও হয়ে গেছেন এবং শুধু অ্যাঙ্কেল মনিটরটি সেখানে পড়ে আছে। বের্তুলাজ্জির বামপন্থী গেরিলা দল ‘রেড ব্রিগেড’-এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার বোমা তৈরির দক্ষতার কথা মাথায় রেখে পুলিশ অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়। বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করেন যে ডিভাইসটিতে কোনো বিস্ফোরক লাগানো ছিল কি না। পরে তারা নিশ্চিত হন যে বের্তুলাজ্জি কেবল অ্যালার্ম বাজানো বন্ধ করতেই ডিভাইসে পরিবর্তন এনেছিলেন।
ইতালীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বের্তুলাজ্জির শেষ আপিল খারিজ হওয়ার পর তাকে ইতালিতে ফেরত পাঠানোর প্রক্রিয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এর আগে ২০০২ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে চিলি থেকে আর্জেন্টিনায় প্রবেশ করার পর তিনি প্রথমবার গ্রেফতার হন। তবে ২০০৪ সালে তিনি রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা পান এবং দক্ষিণ আমেরিকান দেশটিতে স্বাধীনভাবে বসবাস করতে শুরু করেন। ২০২৪ সালে বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতা গ্রহণের পর তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
মিলেই প্রশাসন তখন জানিয়েছিল যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং বহু মানুষের জীবনের ওপর আঘাত হানা অপরাধের জন্য বের্তুলাজ্জি দায়ী। তিনি ‘রেড ব্রিগেড’-এর জেনোয়া শাখার সদস্য ছিলেন এবং ১৯৭৭ সালে ইতালীয় নৌ প্রকৌশলী পিএত্ৰো কোস্তাকে অপহরণের ঘটনায় জড়িত ছিলেন। কোস্তাকে ৮১ দিন আটকে রাখার পর বড় অংকের মুক্তিপণ আদায় করা হয়েছিল। সেই মুক্তিপণের অর্থ দিয়েই রোমে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল, যা পরে ১৯৭৮ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী আলদো মোরোকে অপহরণ ও হত্যার কাজে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এই কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতারে দেশজুড়ে বড় ধরনের তল্লাশি অভিযান চলছে।





