যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আফ্রিকান প্রতিযোগীরা বড় ধরনের সংকটের মুখে পড়েছেন। জাম্বিয়া ও জিম্বাবুয়ের মতো দেশের সুন্দরীরা নির্ধারিত সময়ে মার্কিন ভিসা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় চলতি মাসের ২৪ তারিখে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় তাদের উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সৃষ্ট জটিলতাই এই পরিস্থিতির মূল কারণ।
জাম্বিয়ার প্রতিযোগীর প্রতিনিধিত্বকারী সংস্থা 'আর্ম মডেল ম্যানেজমেন্ট' জানিয়েছে যে, ভিসা না পাওয়ায় মুবাঙ্গা পামেলা হাতোকা এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তার এই অনুপস্থিতি সরাসরি মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে জড়িত যা জাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশকে প্রভাবিত করেছে। তিনি তার যোগ্যতার জোরেই মুকুট অর্জন করেছিলেন এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করার পূর্ণ অধিকার তার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন জিম্বাবুয়ের প্রতিযোগী রোজানা হল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনিও ভিসা না পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং হাল ছেড়ে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া দক্ষিণ সুদান এবং কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিযোগীরাও মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও জটিলতার শিকার হয়েছেন বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে। তবে এই বিষয়ে মিস ইউনিভার্স সংগঠন বা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বৈধ অভিবাসন প্রক্রিয়া সীমিত করার এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রশাসন গত জানুয়ারি মাসে ৩৬টি দেশের ওপর পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে ২৯টি দেশই আফ্রিকান মহাদেশের। পরবর্তীতে ডিসেম্বরে এই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়ে জাম্বিয়া ও জিম্বাব্রেকে এর আওতায় আনা হয় এবং কঙ্গো প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানসহ অন্যান্য দেশের জন্য নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে যে, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
আফ্রিকার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভিসা নীতি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জটিল ও কঠোর বলে অভিযোগ রয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ এবং জালিয়াতি রোধের কথা বলা হলেও আফ্রিকার সাধারণ মানুষ এবং পেশাজীবীদের মতে, এই ধরনের অযৌক্তিক বিধিনিষেধ বৈধ ভ্রমণ, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিগত এক দশকে পশ্চিমা দেশগুলোতে অভিবাসনবিরোধী জনমত জোরালো হওয়ার পর থেকেই এই প্রক্রিয়াগুলো আরও বেশি কঠোর রূপ নিয়েছে।





