ইতালীয় তদন্তকারীদের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, আলোচিত বেসিয়ান প্রমোদতরী ডুবির ঘটনাটি কোনো কাঠামোগত ত্রুটি বা নির্মাণগত দুর্বলতার কারণে ঘটেনি, বরং এটি ছিল জাহাজের দায়িত্বে থাকা কর্মীদের চরম অদক্ষতা এবং ভুলের ফল। ২০২৪ সালের আগস্ট মাসে ইতালির সিসিলি উপকূলের কাছে আকস্মিক ঝড়ের কবলে পড়ে প্রায় ৩ কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল প্রমোদতরীটি সাগরে তলিয়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নেয়ার মাইক লিঞ্চ এবং তাঁর ১৮ বছর বয়সী কন্যা হান্নাসহ মোট সাতজন প্রাণ হারান। তবে এ ঘটনায় মাইক লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বাকারেসসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, দুর্ঘটনার সময় প্রমোদতরীটির প্রত্যাহারযোগ্য বা রিট্র্যাক্টেবল কিল সর্বোচ্চ গভীরতায় প্রসারিত করা হয়নি। এর ফলে ৭৫ মিটার দীর্ঘ অস্বাভাবিক উঁচু মাস্তুলবিশিষ্ট জাহাজটি ঝোড়ো বাতাসের মুখে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়। প্রসিকিউটরদের মতে, কিল নিচে নামানো না থাকায় জলযানের সহজাত দুর্বলতাগুলো আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। ব্রিটিশ তদন্তকারী সংস্থা মেরিন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (এমএআইবি) তথ্য অনুযায়ী, জাহাজটি যখন ঘণ্টায় ৮০.৬ মাইল বেগে আঘাত হানার মতো তীব্র বাতাসের মুখে পড়ে, তখন তা একপাশে মারাত্মকভাবে হেলে পড়ে এবং ক্রুদের ভুল পদক্ষেপের কারণে সোজা হতে পারেনি।
ইতালীয় প্রসিকিউটরদের নিয়োজিত বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে, প্রমোদতরীটি যে ধরনের আবহাওয়ার মুখোমুখি হয়েছিল তা কোনো প্রলয়ংকরী টর্নেডো ছিল না, বরং তা ছিল একটি সাধারণ আকস্মিক কালবৈশাখী ঝড়ের মতো, যা মোকাবিলা করার সক্ষমতা ক্রুদের থাকা উচিত ছিল। কিন্তু কর্মীরা আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা যথাযথভাবে মূল্যায়ন করতে পারেননি এবং জাহাজের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সময়মতো সক্রিয় করেননি। এই দুর্ঘটনার জন্য মূলত তিনজন ক্রু সদস্যকে সন্দেহ করা হচ্ছে। তাঁরা হলেন নিউজিল্যান্ডের স্কিপার জেমস কাটফিল্ড, ব্রিটিশ চিফ ইঞ্জিনিয়ার টিম পার্কার ইটন এবং নাইট ওয়াচে থাকা নাবিক ম্যাথিউ গ্রিফিথস। তাঁদের বিরুদ্ধে অবহেলাজনিত জাহাজডুবি এবং একাধিক নরহত্যার অভিযোগে তদন্ত চলছে।
এদিকে প্রমোদতরীটির নির্মাতা ও মালিক প্রতিষ্ঠান ইতালিয়ান সি গ্রুপ (টিআইএসজি) এই দুর্ঘটনার জন্য সরাসরি ক্রুদের চরম অদক্ষতা ও অবহেলাকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সংখ্যাগরিষ্ঠ অংশীদার জিওভানি কোস্টান্তিনো দাবি করেছেন যে, জাহাজটি কার্যত 'ডুববে না' এমনভাবে নির্মিত হয়েছিল। তাঁর মতে, ঘটনার দিন দরজা ও পোর্টহোলগুলো সঠিকভাবে বন্ধ করা হয়নি এবং ক্রুদের গাফিলতির কারণেই এই বিপর্যয় ঘটে। এমনকি জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আগে ১৬ মিনিট সময় পেয়েছিল, যা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল বলে তিনি দাবি করেন। এই ঘটনার জেরে নির্মাতা প্রতিষ্ঠানটি মাইক লিঞ্চের স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে মামলাও দায়ের করেছে।





