ইতালির প্রায় ছয় হাজার তিনশ’র বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। ফলে দেশজুড়ে তীব্র আতঙ্ক, বিশৃঙ্খলা ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। দেশের প্রায় সবকটি অঞ্চলের স্কুলে একই সময়ে এই হুমকি পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। চিত্রা পোস্ট অনলাইনের প্রাপ্ত তথ্যানুযায়ী, একটি বেনামি ইমেইল বার্তা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়, যা থেকেই এই আকস্মিক সংকটের সূত্রপাত ঘটে।
ইমেইল বার্তায় অত্যন্ত উগ্র ও হুমকিমূলক ভাষা ব্যবহার করা হয়েছিল। প্রেরক নিজেকে মিখাইল অ্যানট্রোপভ নামে এক ব্যক্তি এবং তথাকথিত ভিলায়াত অব মিসোজিনিস্তান দলের নেতা বলে দাবি করে। ওই বার্তায় দাবি করা হয় যে, ইতালীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং একটি শক্তিশালী দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা হয়েছে। এই বার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
হুমকির খবর পাওয়ার পর পরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। কিছু কিছু স্কুলে দ্রুত শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও অনেক প্রতিষ্ঠানে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে চিরুনি অভিযান চালায়। তবে দীর্ঘ তল্লাশির পর নিশ্চিত হওয়া যায় যে এগুলো সম্পূর্ণ ভুয়া হুমকি ছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিকেলে রোমের প্যালাজো চিগিতে প্রায় দুই ঘণ্টা ধরে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা স্পষ্ট করে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং শিখন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও এ ধরনের ডিজিটাল অপরাধের বিষয়ে কৌশল নির্ধারণ করতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন।
ইতালির পাশাপাশি উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বেশ কিছু হাসপাতালেও একই ধরনের ভুয়া বোমা হুমকির তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের সমন্বিত সাইবার হুমকি ও ভুয়া বার্তার নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে সাইবার অপরাধ দমন ইউনিট ও গোয়েন্দারা যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন।





