যুক্তরাজ্যের ডনকাস্টারে এম১৮ মোটরওয়েতে মহাসড়কে উঠে আসা দুটি ঘোড়ার সঙ্গে তিনটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে ৫০ বছর বয়সী এক চালক এবং দুটি ঘোড়া নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও দুজন চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ব্যস্ততম ওই মোটরওয়েতে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
চিত্রা পোস্ট অনলাইনের প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৪৪ মিনিটে এম১৮ মোটরওয়ের ৪ নম্বর জংশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে হঠাৎ একটি কালো ও একটি ধূসর রঙের ঘোড়া ঘুরে বেড়াতে দেখা যায়। অন্ধকারের মধ্যে দ্রুতগামী কয়েকটি যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়া দুটির সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ধূসর রঙের স্কোডা সুপার্ব গাড়ির ৫০ বছর বয়সী চালক।
উক্ত দুর্ঘটনাকবলিত যানগুলোর মধ্যে ছিল দুটি স্কোডা এবং একটি ভক্সহল। প্রথম গাড়িটির পরপরই পেছন থেকে আসা একটি নীল রঙের স্কোডা অক্টাভিয়া এবং একটি ভক্সহল ভিভারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াগুলোকে আঘাত করে। এতে নীল স্কোডা ও ভক্সহল গাড়ির চালকরা আহত হন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের আঘাত প্রাণঘাতী নয়। দুর্ঘটনায় সজোড়ে আঘাত পাওয়া দুটি ঘোড়াই ঘটনাস্থলে মারা যায়।
দুর্ঘটনার পর সাউথ ইয়র্কশায়ার পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। নিহত চালকের পরিবারকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে মহাসড়কে ঘোড়া দুটি কীভাবে এল এবং এদের প্রকৃত মালিক কে—তা নির্ধারণে জোর তৎপরতা চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশের একজন প্রতিনিধি জানান, দুর্ঘটনাকবলিত সড়কের প্রত্যক্ষদর্শী এবং যেসব যানচালকের গাড়িতে ড্যাশবোর্ড ক্যামেরা সচল ছিল, তাদের সংগৃহীত ফুটেজ পুলিশকে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ঘোড়া দুটির মালিককে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সাউথ ইয়র্কশায়ার পুলিশ।



