যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে হোয়াইট হাউস থেকে মাত্র এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লোগান সার্কেল এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের এই তাণ্ডবে একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর হামলাকারী শ্বেতাঙ্গ ব্যক্তি নিজ গুলিতে আত্মহত্যা করেন। ফলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুয়ে।
চিত্রা পোস্টের প্রাপ্ত তথ্যানুযায়ী, ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ব্যক্তি প্রথমে লোগান সার্কেলের 'ভিডা ফিটনেস' নামক একটি জিমের ভেতরে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করে। এরপর সে রাস্তার পাশের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকসহ আশেপাশের পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। গোলাগুলির আকস্মিকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের অন্যতম ব্যস্ত এই অঞ্চলের সড়ক, স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পথচারীদের ওপর হামলার পর সশস্ত্র হামলাকারী নিকটবর্তী একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আশ্রয় নেয় এবং নিজেকে একটি কক্ষের ভেতরে অবরুদ্ধ করে ফেলে। তাকে গ্রেফতার করতে পুলিশ সদস্যরা ভবনে প্রবেশের চেষ্টা করলে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলিবর্ষণ করে। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের বিশেষ দল হামলাকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়। আলোচনার একপর্যায়ে কক্ষের ভেতর থেকে তীব্র গুলির শব্দ শোনা যায়। পরবর্তীতে পুলিশের যৌথ দল ভেতরে প্রবেশ করে সন্দেহভাজন হামলাকারীকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
ঘটনায় আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি তিনজনের আঘাত প্রাণঘাতী নয়। এই সহিংস হামলার পর ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার তীব্র নিন্দা জানিয়ে একে এক 'অর্থহীন বন্দুক সহিংসতা' বলে অভিহিত করেছেন। তিনি জানান, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে।
সংকটময় এই পরিস্থিতির পরপরই দেশটির শীর্ষ প্রশাসন এবং হোয়াইট হাউসকে পুরো বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে। এলাকাটিতে লোগান সার্কেলের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আবাসিক ভবন ও বহুজাতিক চেইন সুপারশপ রয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে অপরাধ দমনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছিলেন। এর মধ্যেই অত্যন্ত সুরক্ষিত এই কূটনৈতিক ও প্রশাসনিক এলাকার এত কাছে বন্দুক হামলার ঘটনা জনমনে নতুন করে গভীর দুশ্চিন্তা ও নিরাপত্তার প্রশ্ন তৈরি করেছে।





