ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান ছাত্র বিক্ষোভ, ব্লকেড এবং ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। বিশৃঙ্খলা ও সহিংসতা রোধে প্রিফেক্ট এবং রেক্টরদের আরও বেশি কঠোর হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত শুক্রবার প্রকাশিত একটি বিশেষ নির্দেশনায় এই কঠোর বার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল কতৃপক্ষকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে সকালবেলাতেই কঠোর নিরাপত্তা উপস্থিতি নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের নতুন এই নীতি অনুযায়ী, যেসব শিক্ষার্থীরা সহিংসতা উসকে দেওয়া, সম্পত্তির ক্ষতিসাধন, প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন স্থানে প্রবেশে বাধা দেওয়া কিংবা শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শারীরিক বা মৌখিক দুর্ব্যবহারে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে শৃঙ্খলা কমিটি গঠন করা হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এই কড়া নিয়ম শুধুমাত্র ক্যাম্পাসের ভেতরের ঘটনার জন্যই নয়, বরং বাইরে ঘটে যাওয়া এমন যেকোনো অপরাধমূলক কাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর ব্যাঘাত ঘটায়।
শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি চাকুরিজীবী ও শিক্ষকরাও এই শৃঙ্খলার আওতাভুক্ত থাকবেন। শিক্ষক এবং শিক্ষা সহকারীদের তাদের পেশাগত মর্যাদা রক্ষার্থে কঠোর সংযম, নিরপেক্ষতা ও আদর্শ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা আচরণ করা হলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব শিক্ষক ইচ্ছাকৃতভাবে তাদের নির্ধারিত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বা ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বরণ করতে অস্বীকৃতি জানাবেন, তাদের আনুষ্ঠানিকভাবে ধর্মঘটরত হিসেবে বিবেচনা করা হবে।
পরিস্থিতির চরম অবনতি ঘটলে এবং শিক্ষক-কর্মচারীরা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িকভাবে বরখাস্ত করার আইনি সুযোগ রয়েছে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এর আগে স্কুলগুলোর আশপাশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে কতিপয় কর্মচারীর ইন্ধন বা যোগসাজশ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশের শীর্ষ নেতৃত্ব। সরকারি এই কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে শিক্ষক সংগঠনগুলো। দেশটির প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক সোফি ভেনেটিতাই এই নির্দেশকে একধরনের উসকানি এবং পরিস্থিতির অবনতি ঘটানোর সুনির্দিষ্ট কৌশল হিসেবে উল্লেখ করে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন।





