হংকংয়ে গত বছরের নভেম্বরে সংঘটিত ভয়াবহ তাইপো অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার (স্মরণসভা) আয়োজন করার জেরে পুলিশ কমপক্ষে দুটি ক্যাথলিক গির্জাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ঘটনাটি ঘিরে স্থানীয় ধর্মীয় অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
তাইপো এলাকার ইমমাকুলেট হার্ট অব মেরি চার্চ গত নভেম্বরে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬৮ জনের স্মরণে একটি বিশেষ প্রার্থনার ঘোষণা দিয়েছিল। এরপরই স্থানীয় পুলিশ ওই গির্জাকে পরপর দুবার জিজ্ঞাসাবাদ করে বলে জানিয়েছেন সাবেক রেডিও উপস্থাপক ও স্থানীয় প্যারিশের এক অনুসারী অ্যান্টোনি ইয়াউ। পরিস্থিতি বিবেচনায় গির্জা কর্তৃপক্ষ পরবর্তীতে তাদের বার্ষিক স্মরণসভার কর্মসূচি পরিবর্তন করে। গত মঙ্গলবার প্রকাশিত এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয় যে, নির্দিষ্ট ওই অগ্নিকাণ্ডের স্মরণের পরিবর্তে এখন গত এক বছরে মৃত্যুবরণকারী সকল ভাই-বোনের আত্মার মাগফিরাতের জন্য একটি সাধারণ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্টোনি ইয়াউ প্রশ্ন তোলেন যে, একজন গির্জার অনুসারী হিসেবে তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান করেন, তবে সাধারণ মানুষের প্রার্থনার স্বাধীনতা বা তারা কার জন্য প্রার্থনা করবে তা নির্ধারণ করার ক্ষমতা পুলিশের রয়েছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এর আগে, মুছে ফেলা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি স্ক্রিনশটে দেখা যায়, গির্জাটির পক্ষ থেকে লেখা হয়েছিল যে তাইপো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডের প্রায় এক বছর হতে চলেছে এবং সেই শোকে এখনো ভারাক্রান্ত মানুষ। নভেম্বর মাসটি ক্যাথলিক চার্চে স্মরণ মাস হিসেবে পালিত হওয়ায় মৃতদের আত্মার শান্তি এবং ঈশ্বরের করুণা কামনা করার পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে পৃথক আরেকটি ঘটনায়, ওয়ান চাইল এলাকার আওয়ার লেডি অব মাউন্ট কারমেল নামক আরেকটি গির্জাও একই ধরনের একটি স্মরণসভার পরিকল্পনা হাতে নিয়েছিল। এই ধারাবাহিকতায় ধর্মীয় উপাসনালয়গুলোতে এ ধরনের স্মরণসভা আয়োজনের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও জিজ্ঞাসাবাদ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় নাগরিক সমাজ মনে করছে, এই ধরনের পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতা ও মানুষের শোক প্রকাশ করার মৌলিক অধিকারের ওপর এক ধরণের অদৃশ্য চাপ সৃষ্টি করছে।





