জাতীয় অর্থনীতিকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে বোগোর প্রাসাদে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতির সর্বশেষ চিত্র তুলে ধরা হয়, যেখানে অর্থনীতির প্রবৃদ্ধি ৫ দশমিক ৪৭ শতাংশ ছুঁয়েছে বলে জানানো হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক সূচকগুলো বর্তমানে অত্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে।
বৈঠকে অর্থনৈতিক বিভিন্ন সূচকের অগ্রগতি তুলে ধরেন অর্থমন্ত্রী পর্যায়ের সংশ্লিষ্ট শীর্ষ কর্তারা। জানানো হয়, শক্ত অবস্থানের পাশাপাশি দেশের সার্বিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশের ঘরে রয়েছে। পাশাপাশি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে প্রায় ৫ দশমিক ৩ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভোক্তাদের আস্থা সূচক ১১৮-এর ওপরে অবস্থান করছে এবং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই ৫৪-তে শক্ত অবস্থানে রয়েছে, যা সরকারের জন্য বড় একটি স্বস্তির বিষয়।
খাদ্যের মূল্যস্ফীতি ও কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়। খাদ্যপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কৃষকরা যাতে ফসলের নায্যমূল্য থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। কৃষকদের পণ্যের বিনিময় হার ১৩৩ পর্যন্ত পৌঁছানোর বিষয়টি তুলে ধরে তিনি জানান, সাধারণ কৃষকদের সুরক্ষায় সরকারের নীতি অব্যাহত থাকবে।
জ্বালানি ব্যবস্থাপনা ও দেশীয় উৎপাদন বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে নতুন পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশের ভেতর পশুখাদ্যের জোগান বাড়াতে রাষ্ট্রীয় খাতের ফিডমিল কারখানাগুলোর কার্যক্রম দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে এসব কারখানা উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বোগোর প্রাসাদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের নিরাপত্তা ও নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে মানব উন্নয়ন ও সংস্কৃতিবিষয়ক সমন্বয়মন্ত্রী সুগিওনো, রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান প্রাসেতিয়ো হাদি, বিনিয়োগ ও ডাউনস্ট্রিম বিষয়ক মন্ত্রী রোসান পারকাসা রোয়েস্লানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাহলিল লাহাদালিয়া, প্রতিরক্ষামন্ত্রী সাফরি সামসোয়েদ্দিন, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আগুস সুবিয়ান্তো, পুলিশ মহাপরিদর্শক সুযুদি আরিও সেতো, ব্যাংক ইন্দোনেশিয়ার গভর্নর দেস্রি দামায়ানতি এবং অর্থমন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সুআহাসিল নাজারাসহ অনেকে অংশ নেন।





