মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা সৃষ্টি করে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রাডার সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। বিগত বেশকয়েক মাসের মধ্যে মার্কিন সামরিক স্থাপনার ওপর এটিই তেহরানের পক্ষ থেকে প্রথম সরাসরি হামলার ঘটনা। হরমোজ প্রণালীর কাছাকাছি অবস্থিত সিরিক এলাকার একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন বিমান হামলার কড়া প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি কতৃপক্ষ।
আইআরজিসির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে আক্রমণকারী শত্রুর প্রতি একটি অত্যন্ত গুরুতর সতর্কবার্তা হিসেবে অভিহিত করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হরমোজ প্রণালী অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো ধরনের অনভিপ্রেত আকাশসীমা লঙ্ঘন এবং তেল পাচারমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার জন্য তাদের অ্যারোস্পেস ফোর্স বা বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক বৈরিতা এবং ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে এই সরাসরি আঘাত পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক মোড় নিতে পারে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী ও এর আশেপাশের জলসীমায় উভয় দেশের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তার ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক শক্তির মহড়া এবং একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপের অভিযোগ উভয় পক্ষ থেকেই করা হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে বাহরাইন এবং পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হোয়াইট হাউজ কিংবা পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। চলমান এই সংকটের অবসান ঘটাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র দেশগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।





