ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান কিংবা তথাকথিত 'অর্থনৈতিক সন্ত্রাসবাদে' সাহায্য বা অংশীদার না হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কড়া বার্তা জারি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রকে যেকোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা প্রদান করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আঞ্চলিক নৌবাহিনী মোতায়েন, সামরিক ও রসদ সরবরাহ এবং জনবল দিয়ে মার্কিন পদক্ষেপকে সহায়তা করা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে।
ইসমাঈল বাঘাই স্পষ্ট ভাষায় জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে যেকোনো ধরনের সহায়তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র বা অন্য কোনো মিত্র দেশের সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বা ইরানের ওপর পরিচালিত মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনে অংশ নেওয়ার কোনো বৈধ অজুহাত হতে পারে না।"
ইরানি মুখপাত্র আরও সতর্ক করে দিয়ে বলেন, যা যা এমন বেআইনি আগ্রাসনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেবে, সেই রাষ্ট্রগুলোকেই এর সমস্ত চূড়ান্ত পরিণতি ও প্রতিক্রিয়ার দায়ভার বহন করতে হবে। তেহরান তাদের ওপর আসা যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের ওপর প্রতিনিয়ত চাপ সৃষ্টির যে চেষ্টা চলছে, তেহরানের এই বক্তব্যকে তারই একটি কৌশলগত প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা না করে আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে মনে করে আন্তর্জাতিক বিশ্লেষক মহল।





