রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় চালকবিহীন আকাশযান বা ড্রোনের এক অভূতপূর্ব ও বৃহৎ আকারের আক্রমণ প্রতিহত করেছে দেশটির সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, রাতভর অভিযানে দেশের বিভিন্ন সীমান্ত ও অভ্যন্তরীণ অঞ্চলসহ আজভ সাগরের ওপর থেকে মোট ৬২৭টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে একাধিক স্থানে ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে।
পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক অঞ্চলে ড্রোনের আঘাত ও অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির প্রাণহানি ঘটেছে। স্মোলেনস্কের গভর্নর ভাসিলি আনোখিন জানান, ইয়ারতসেভো শহরে একটি ড্রোন ধ্বংসের পর এর জ্বলন্ত ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে গিয়ে পড়ে। এতে ভবনটিতে দ্রুত আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভেতর থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেন।
এদিকে লেলিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দর এলাকাতেও ড্রোনের কড়া আঘাত হানার খবর পাওয়া গেছে। সেন্ট পিটার্সবার্গের কাছে অবস্থিত কিঙ্গি সেপ্প পৌরসভার অধীন এই বন্দর অঞ্চলে ড্রোন হামলায় অন্তত তিন জন কর্মী আহত হয়েছেন। লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর অ্যালেক্সান্ডার দ্রোজদেঙ্কো নিশ্চিত করেছেন যে আহতদের আঘাত মারাত্মক নয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হামলার ফলে বন্দর এলাকায় আগুন ধরে যায় এবং একটি ট্রান্সফরমার উপকেন্দ্র বন্ধ হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এই অঞ্চলে রাতভর প্রায় ১৫০টি ড্রোন ধ্বংস করা হয়, যা চলতি বছরে এক রাতে সর্বোচ্চ।
আদাইগেয়া প্রজাতন্ত্রের তখতামুকাইস্কি জেলার নোভায়া আদাইগেয়া গ্রামের একটি পাঁচতলা আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। প্রজাতন্ত্রের প্রধান মুরাত কুম্পিলভ জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসন কেন্দ্র খোলা হয়েছে। অন্যদিকে দোনেৎস্কের কিরোভস্কি জেলায় ড্রোন হামলায় ২০১১ সালে জন্মগ্রহণকারী এক কিশোর আহত হয়েছে এবং মস্কো-গর্লভকা রুটের একটি যাত্রীবাহী বাস ড্রোনের কবলে পড়ায় পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ড্রোন হামলার এই তীব্র প্রভাব সরাসরি পড়েছে আকাশপথ পরিবহনে। সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরে অন্তত ৪২টি ফ্লাইট বিলম্বিত এবং ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে আরখাংগেলস্ক, কাজান, ক্রাসনোদার, সোচি এবং মস্কোগামী শত শত যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগ এই পরিস্থিতির ওপর নজর রাখছে।





