রুশ ভূখণ্ডে সাম্প্রতিক হামলার পর নরওয়ের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কংসবার্গ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের উৎপাদন কেন্দ্রগুলো এখন থেকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় অর্থনীত ও জনপ্রশাসন একাডেমির আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ। কংসবার্গ কোম্পানির উৎপাদিত 'রাস্টি ডাগার' নামক ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলার প্রেক্ষাপটে এই কড়া অবস্থান সামনে এল।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টার মধ্যে কংসবার্গ কোম্পানির তৈরি চারটি রাস্টি ডাগার ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এই হামলার পরই মস্কোর পক্ষ থেকে নরওয়ের প্রতিরক্ষা শিল্প খাতের ওপর আক্রমণাত্মক কঠোর হুঁশিয়ারি আসে।
বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কংসবার্গ কোম্পানির নরওয়েস্থিত উৎপাদন কেন্দ্রগুলো ন্যাটোর সামরিক-শিল্প অবকাঠামোর একটি সক্রিয় অংশ হিসেবে বর্তমানে বড় ধরনের হুমকি তৈরি করছে। অতএব, এই ধরনের উৎপাদন কেন্দ্রগুলোকে যেকোনো মূল্যে ধ্বংস করা প্রয়োজন। শুধু নির্দিষ্ট কিছু কারখানা নয়, বরং সমগ্র নরওয়েজিয়ান প্রতিরক্ষা শিল্প খাতকে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য যে, চলতি বছরের অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন যে ইউক্রেন এবং নরওয়ের কংসবার্গ কোম্পানি যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করছে। মূলত এই যৌথ প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটেই রুশ সামরিক বিশ্লেষকদের তরফ থেকে নরওয়ের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন জোরালো আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।





