ইউক্রেনের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে ১১ হাজারেরও বেশি বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রুশ ফেডারেল পরিসংখ্যান দপ্তরের একটি অত্যন্ত গোপনীয় পরিসংখ্যান থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। জন্মস্থান, জাতীয়তা এবং মৃত্যুর সুনির্দিষ্ট স্থানসহ প্রায় এক কোটি ১০ লাখ মৃত্যুর সনদের ওপর ভিত্তি করে এই গোপন নথি তৈরি করা হয়েছিল। বেলায়ুশের বিদ্রোহী গোষ্ঠী 'সাইবার পার্টিজানস' এবং ইউক্রেনীয় হ্যাকার দল 'সাইলেন্ট ক্রো' এই ডেটাসেটটি সংগ্রহ করে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোর কাছে সরবরাহ করে।
সরবরাহকৃত এই তথ্যের বিশ্নেষণ অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাসের শেষ পর্যন্ত সংঘটিত এই যুদ্ধে প্রায় চার লাখ রুশ সেনার প্রাণহানি ঘটেছে। এর মধ্যে প্রায় একশটি দেশের মোট ১১ হাজার ৩৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। মৃত্যুর কারণ হিসেবে দাপ্তরিক ফর্মে 'সামরিক অভিযান', 'গোলাবর্ষণ' কিংবা 'ড্রোন হামলা'র মতো শব্দগুলো যুক্ত থাকায় এগুলো যে সরাসরি যুদ্ধ সংশ্লিষ্ট মৃত্যু, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। তবে এ বিষয়ে রুশ পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই গোপন নথিগুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, দুনির্বার ইউক্রেনীয় প্রতিরোধ এবং নিজ দেশের সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির মুখে কীভাবে মস্কো তাদের সামরিক কার্যক্রম টিকিয়ে রেখেছে। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে কখনো বিদেশি ভাড়াটে সেনাসদস্যদের নিয়োগের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধক্ষেত্রের প্রাণহানির প্রকৃত পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছেন। তবে দেশের ভেতরে সেনাসদস্যদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় রুশ কর্তৃপক্ষ বিদেশি যোদ্ধাদের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।
ইউক্রেনীয় সরকারের যুদ্ধবন্দী ব্যবস্থাপনা দপ্তরের প্রধান দিমিত্রো উসভের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাশিয়া প্রায় ৪৬ হাজার বিদেশি নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করেছে এবং কেবল এ বছরই আরও ১৮ হাজার ৫০০ বিদেশি সেনাকে নিয়োগের পরিকল্পনা তাদের রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রাক্কলন বলছে, বর্তমানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে প্রায় ২৮ হাজার বিদেশি সেনা। এর মধ্যে ৫৯টি দেশের সৈন্যদের ইউক্রেনীয় বাহিনী বন্দী করতে সক্ষম হয়েছে বলে উসভ নিশ্চিত করেছেন।
হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হওয়া পরিসংখ্যানে দেখা যায়, বিদেশি নাগরিকদের মৃত্যুর হার রুশ সামগ্রিক মৃত্যুর হারের সঙ্গেই পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে যেখানে এই সংখ্যা ছিল প্রায় ৬৩০ জন, সেখানে ২০২৫ সালে এসে তা সাড়ে পাঁচ হাজারে গিয়ে ঠেকেছে। অর্থাৎ, আগ্রাসন শুরুর পর থেকে এই হার আট গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও ২০২৬ সালের উপাত্তে কিছু অসংগতি রয়েছে, যার মূল কারণ যুদ্ধাঞ্চল থেকে মৃত্যুর নিবন্ধন সম্পন্ন হতে বেশ কয়েক মাস কিংবা বছর পর্যন্ত সময় লেগে যাওয়া।
এদিকে, বিদেশি নাগরিকদের প্রতারণা করে বা যুদ্ধক্ষেত্রের কথা গোপন রেখে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে রুশ বাহিনীতে ভেড়ানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নাগরিকত্ব, অর্থ এবং উন্নত ক্যারিয়ারের ভুয়া প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে রাশিয়ায় পা জমানো বহু বিদেশি সেনাসদস্য সম্মুখ সমরে প্রাণ হারিয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে কিরগিজস্তান, কাজাখস্তান, কেনিয়া ও ঘানার মতো দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি সামাল দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত আগস্ট মাসে বিদেশি সরকারগুলোর অনুরোধ যাচাইয়ের জন্য একটি বিশেষায়িত সংস্থা গঠনের ঘোষণা দেন। ফাঁস হওয়া এই নথিতে আরও দেখা গেছে যে, নিহত বিদেশিদের একটি বড় অংশই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া ইউক্রেনের নাগরিকত্ব বা ইউক্রেনে জন্ম নেওয়া প্রায় তিন হাজার ৭০০ ব্যক্তিও এই তালিকায় রয়েছেন, যাদের অনেকেই রুশ নিয়ন্ত্রित পূর্ব বা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা।





