দীর্ঘ নয় মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আয়োজিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনার ফলাফল অত্যন্ত সীমিত পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের উদ্যোগে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় পক্ষ কেবল একটি বড় বন্দি বিনিময়ের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। তবে কূটনৈমিতিক এই তৎপরেতার মাঝেও মাঠপর্যায়ে সামরিক সংঘাত এক বিন্দুও থামেনি। আলোচনা শুরুর প্রাক্কালে ও চলাকালীন সময়ে উভয় পক্ষের তীব্র আক্রমণ পুরো অঞ্চলে চরম উত্তেজনা বজায় রেখেছে।
বৈঠক শুরুর ঠিক আগে রাশিয়ার বাল্টিক সাগরতীরবর্তী উলু-লুগা বন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। হাইড্রোকার্বন রপ্তানির ক্ষেত্রে মস্কোর অন্যতম প্রধান এই কৌশলগত বন্দরে হামলার পর লেনিঙ্গগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো দাবি করেন যে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই এলাকায় প্রায় ১৫০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে স্মোলেনস্ক অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে এবং সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর সাময়িকভাবে বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
অন্যদিকে, ইউক্রেনের পরিস্থিতিও ছিল অত্যন্ত অশান্ত। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সকালে জানান যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়টি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের বেলা দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলের চর্নোমরস্ক বন্দরের একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হন। এই হামলার তথ্য নিশ্চিত করেন ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার। এছাড়া বিকাল নাগাদ খারকিভ শহরে চালানো অপর এক রুশ হামলায় আরও দুজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গল ও বুধবারের টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ম্যারাথন আলোচনার পর কাঙ্ক্ষিত কোনো স্থায়ী যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতা অর্জিত হয়নি। তবে গত ৯ মাসের সামরিক ব্যবধানের পর পুনরায় শুরু হওয়া এই সংলাপের ইতিবাচক দিক হিসেবে মস্কো ও কিয়েভ একটি বড় আকারের বন্দি বিনিময়ের পথ উন্মুক্ত করেছে। যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় এর আগেও এমন ত্রিপক্ষীয় ফরম্যাটে বন্দি বিনিময় সম্পন্ন হয়েছিল। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইতিপূর্বে এই ধরনের মানবিক চুক্তির সম্ভাবনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।





