সৌদি আরবের হেরিটেজ কমিশন নাজরান অঞ্চলের রুব আল-খালি বা এস এমপ্টি কোয়ার্টারের মান্দাফান প্রাচীন হ্রদের তীরে অবস্থিত উরুক আল-জুলাইবাহ সাইটে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত গবেষণার ফলাফল প্রকাশ করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থার তথ্যানুযায়ী, শুক্রবার এই যুগান্তকারী আবিষ্কারের বিবরণ জনসমক্ষে আনা হয়। এই গবেষণার মূল কাজটি সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST) এবং দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায়।
বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স'-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে যে, আরব উপদ্বীপের এক আর্দ্র জলবায়ুর সময়ে আজ থেকে প্রায় ১২৫,০০০ বছর পূর্বে এই অঞ্চলে মানুষের উপস্থিতি ছিল। মান্দাফান প্রাচীন হ্রদটি একসময় প্রায় ৩৪০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এর সর্বোচ্চ গভীরতা ছিল প্রায় ২৯ মিটার। পলল ও ভূ-রূপতাত্ত্বিক তথ্য এবং জলজ জীবের অবশেষ থেকে এটি স্পষ্ট যে, হ্রদটি ঘাসফুলের ভূমি ও সবুজ উদ্ভিদে ঘেরা একটি স্থিতিশীল মিষ্টি পানির আধার ছিল, যা মানব ও প্রাণীগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল।
সাইটটির ১৩০টিরও বেশি স্থান থেকে গবেষকরা ৫০০-র বেশি মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম নথিভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে হিপ্পোপটমাস বা জলহস্তী, বিলুপ্ত দীর্ঘ-শৃঙ্গযুক্ত মহিষ, উট, আরবীয় ওর্যিক্স, গাজেল বা হরিণ, উটপাখি, মোলাস্ক এবং মিষ্টি পানির ক্রাস্টাসিয়ান। প্লাইস্টোসিন যুগের আর্দ্র সময়ে মান্দাফান হ্রদের এই জীববৈচিত্র্য গবেষকদের তাক লাগিয়ে দিয়েছে।
গবেষণা দলের প্রধান এলাকা থেকে ৫,৫১১টি পাথরের শিল্পকর্ম বা হস্তনির্মিত বস্তু উদ্ধার করা হয়েছে, যার প্রতিটির আকার দুই সেন্টিমিটারের বেশি। এর মধ্যে ৯৮ শতাংশেরও বেশি পাথর তৈরি হয়েছিল ফ্লিন্ট দিয়ে। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, এগুলো তৈরিতে 'লেভালোয়িস টেকনিক' নামক একটি উন্নত মধ্য প্যালিওলিথিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যা প্রমাণ করে যে প্রাচীন মানুষেরা সাইটেই এসব হাতিয়ার তৈরি ও ব্যবহার করত।
প্রত্নতাত্ত্বিক সাইটটিতে দীর্ঘ সময় ধরে বারবার মানুষের বসতি স্থাপনের প্রমাণ পাওয়া গেছে। মাইক্রোস্কোপিক, রাসায়নিক এবং ব্যবহার-ভিত্তিক বিশ্লেষণে উদ্ভিদের ফাইবার, কাঠ, রজন, চর্বি এবং কোলাজেনের মতো সংরক্ষিত জৈব অবশেষ শনাক্ত করা হয়েছে। এমনকি খেজুর ও কাষ্ঠল উদ্ভিদ প্রক্রিয়াজাতকরণের চিহ্নও মিলেছে, যা হ্রদের চারপাশে মানুষের দৈনন্দিন কার্যক্রমের চিত্র তুলে ধরে। বেশ কিছু পাথরের পয়েন্টে হাতলের সঙ্গে যুক্ত করার চিহ্ন এবং রাসায়নিক পরীক্ষায় শিকারের কাজে ব্যবহৃত গাছের উপাদান শনাক্ত হওয়ায় যৌগিক শিকার প্রযুক্তির ব্যবহারের ইঙ্গিতও পাওয়া গেছে।
হেরিটেজ কমিশনের পুরাকীর্তি খাতের মহাপরিচালক ড. আজাব আল-ওতাইবি জানিয়েছেন যে, কমিশনের তত্ত্বাবধান ও অর্থায়নে ২০২৩ সালের পুরো মৌসুম জুড়ে এই মাঠপর্যায়ের গবেষণা চলেছে। গ্রিফিথ ইউনিভার্সিটি, KAUST এবং কিং সৌদ ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই গবেষণা পরিচালিত হয়েছে। কিং সৌদ ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের ড. আব্দুল্লাহ আল-শারেখ উল্লেখ করেছেন যে, মান্দাফান হ্রদের তীর ১২৫,০০০ বছর আগে মানুষের বসবাসের জন্য একটি আদর্শ আবাসস্থল ছিল। গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল পেত্রাগ্লিয়া এবং KAUST-এর ড. ফ্রান্স ভ্যান বুশেমও এই গবেষণার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেছেন। এই আবিষ্কার সৌদি আরবের সমৃদ্ধ ইতিহাস ও পরিবেশগত রূপান্তরকে নতুন আলোয় ফুটিয়ে তুলেছে।





