তুরস্কের পশ্চিমাঞ্চলীয় পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিআগা শিল্প এলাকায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় ‘হাবাস’ ইস্পাত কারখানায় ঘটে যাওয়া এক প্রলয়ঙ্করি বিস্ফোরণে ১৭ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই শিল্প দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন মারাত্মকভাবে দগ্ধ ও আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ছয়জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। দেশটির প্রশাসনিক সূত্র জানিয়েছে, তদন্ত অগ্রগতির সাথে সাথে গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার বেঁচে যাওয়া শ্রমিকদের বিবরণ অনুযায়ী, সোমবার কারখানাটিতে বয়েলার প্রতিস্থাপনের কাজ চলছিল। সে সময় হঠাৎ করেই একটি বিশাল ক্রেনের রশি ছিঁড়ে যায়। ফলে প্রায় ১২০ টন অত্যন্ত উত্তপ্ত তরল ইস্পাত সরাসরি চুল্লির ওপর আছড়ে পড়ে। চুল্লির নিচে জমে থাকা পানির সংস্পর্শে আসার সাথে সাথেই প্রচণ্ড শক্তিশালী হাইড্রোজেন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের মানুষ এটিকে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করেছিলেন।
দুর্ঘটনার পর নিহত শ্রমিকদের লাশ এতটাই দগ্ধ হয়েছে যে সাধারণ দৃষ্টিতে তাদের পরিচয় সনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের আগে ফরেনসিক ইনস্টিটিউটে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে। নিহত শ্রমিকদের শোকার্ত স্বজনরা গতকাল রাত থেকে লাশের অপেক্ষায় বাইরে ভিড় জমিয়েছেন। স্বজনদের আকুল প্রার্থনায় এলাকা জুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনার পর থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক মহল হাবাস কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও অধিকারকর্মীরা এই ঘটনাকে কেবল দুর্ঘটনাই নয়, বরং চরম অবহেলা বলে আখ্যা দিয়েছেন। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। নিহত ও আহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রতিনিধি দল।
ইতোমধ্যে দেশটির সরকারের শীর্ষ পর্যায় থেকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটলো এবং কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা বিধিতে কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ঘটনার জেরে পুরো শিল্পাঞ্চলজুড়ে শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।





