মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রমে বারবার বিঘ্ন ঘটার পর বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী এখন ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান হাইস্কাইয়ের (HiSky)-এর তৈরি স্যাটেলাইট টার্মিনালগুলোর ওপর নির্ভরতা বাড়াচ্ছে। তেল আবিব প্রযুক্তি শহরের নিকটবর্তী এই কোম্পানির তৈরি প্রায় ছয় কেজি ওজনের বিশেষ টার্মিনালগুলো এখন ইউক্রেনীয় ড্রোনগুলোতে স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ এবং লক্ষ্যবস্তু নির্ধারণের কাজ সফলভাবে পরিচালনা করা হচ্ছে বলে হাইস্কাইয়ের সংশ্লিষ্ট কর্মীরা নিশ্চিত করেছেন।
স্টারলিংক পরিচালনা করে মার্কিন ধনকুবের এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স (SpaceX)। অন্যদিকে হাইস্কাইয়ের নিজস্ব কোনো স্যাটেলাইট কনস্টেলাশন বা বহর নেই। তারা ইউটেলস্যাট (Eutelsat)-এর মতো তৃতীয় পক্ষের স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দিয়ে থাকে। মার্কিন প্রতিদ্বন্দ্বী স্টারলিংকের তুলনায় হাইস্কাইয়ের টার্মিনালগুলোর কার্যক্ষমতা কিছুটা কম হলেও যুদ্ধক্ষেত্রের চরম পরিস্থিতিতে এগুলো অধিকতর নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি এমন টার্মিনাল সরবরাহ করেছে ইসরায়েলি এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি তেল আবিবে অনুষ্ঠিত এক সামরিক ড্রোন প্রদর্শনীতে হাইস্কাইয়ের প্রদর্শনী কেন্দ্রটি দর্শনার্থী ও বিশেষজ্ঞদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রদর্শনীর এক অংশগ্রহণকারী নিশ্চিত করেন যে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে এই বিকল্প প্রযুক্তিটি ব্যবহার করছে। তবে কিয়েভের সরকারি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য এখনো স্বীকার করা হয়নি। হাইস্কাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরেজ আনটেবি (Erez Antebi) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি এর ব্যবহার সরাসরি অস্বীকারও করেননি। কোম্পানির সকল কর্মীকে ইউক্রেন সংঘাত বা এই প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত যেকোনো প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে স্টারলিংকের ওপর একচ্ছত্র নির্ভরতা কমানোই কিয়েভের এই কৌশলের মূল উদ্দেশ্য। এর ফলে ড্রোন হামলার কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রুশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তির বিরুদ্ধে বাড়তি সুরক্ষা মিলছে। ইসরায়েলি প্রযুক্তির এই সংযোজন ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা।





