ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক তৎপরতায় এক নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যস্থতাকারী জারেড কুশনারের এই মন্তব্যের পর নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ডাবলিনে এক বৈঠকে মিলিত হন ইউরোপীয় কূটনীতিকরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ইউরোপীয় কমিশন ও কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড এবং ইতালিকে নিয়ে একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হতে পারে।
তবে এই কূটনৈতিক প্রত্যাবর্তনের পেছনে কাজ করছে তীব্র সতর্কতা ও শঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কাল্লাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যেকোনো আলোচনার আগে একটি কার্যকর যুদ্ধবিরতি প্রয়োজন। অন্যথায় রাশিয়া ইউরোপের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার ফন্দি আঁটতে পারে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে, মস্কোও ইউরোপীয়দের এই উদ্যোগে তাৎক্ষণিকভাবে সম্মতি জানায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বর্ধিত পরিসরে আলোচনা শুরু করার আগে মস্কো ইউরোপীয় দেশগুলোর 'প্রকৃত সদিচ্ছা' ও শান্তি প্রক্রিয়ায় অবদান রাখার মানসিকতা যাচাই করতে চায়।
ইউরোপীয় রাজধানীগুলোতে আরেকটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন মার্কিন-রুশ শীর্ষ বৈঠক। বিশেষ করে আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এপেকের (এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন) সম্মেলনের ফাঁকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সাক্ষাৎ—যেখানে চীনের শি জিনপিংও উপস্থিত থাকতে পারেন—ইউরোপের অনুপস্থিতিতে ভূরাজনৈতিক ভাগ্য নির্ধারণের ইয়াাল্টা সম্মেলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। জার্মান চ্যান্সেলর এই সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং মার্কিন রাষ্ট্রপতির যেকোনো আকস্মিক নীতি পরিবর্তন রোধে আগাম সতর্কতামূলক পদক্ষেপের ওপর জোর দিচ্ছেন।
এদিকে মাঠপর্যায়ে যুদ্ধের বিভীষিকা থামেনি। গত শুক্রবার মস্কো জানিয়েছে যে, ইউক্রেন এক রাতে রাশিয়ার দিকে ১,১৯৮টি ড্রোন নিক্ষেপ করেছে, যা একটি অভূতপূর্ব ঘটনা। এই হামলায় চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। অন্যদিকে, ইউক্রেনীয় ভূখণ্ডেও রাশিয়ার তীব্র বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘাতের এই সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইউক্রেন ইস্যু বড় আলোচনার জন্ম দিয়েছে। ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে ন্যাশনাল র্যালির প্রার্থী মারিন ল্য পেন জানিয়েছেন, তিনি কিয়েভকে আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা করতে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে ব্রাসেলসে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন।






