যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে ২০২৮ সালের মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমেদ মোরের অফিসিয়াল নির্বাচনী প্রচারণার অ্যাকাউন্ট স্থগিত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। গাজায় জন্মগ্রহণকারী এবং ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা এই রাজনীতিক সম্প্রতি কট্টর ইসরায়েলপন্থী বর্তমান ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা প্রকাশ করার পরপরই তার অ্যাকাউন্টটি বন্ধ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মোরের নির্বাচনী প্রচারণার জন্য নির্ধারিত অ্যাকাউন্টটি ছিল '@moorforpa'। চলতি সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আগামী দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি ফেটারম্যানের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। উল্লেখ্য, বর্তমান সিনেটর জন ফেটারম্যান পুনরায় নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট ঘোষণা দেননি। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে তার চরম একপেশে অবস্থান ইতোমধ্যে মার্কিন রাজনীতিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।
অ্যা কাউন্ট স্থগিতের ঘটনা নিশ্চিত করে আহমেদ মোর তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, "বন্ধুরা! আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত যে আমরা ওদের জন্য এখন একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছি। তারা আমাদের অফিশিয়াল ক্যাম্পেইন অ্যাকাউন্টটি স্থগিত করেছে। এই বার্তাটি পুনঃপ্রচার করে এবং অনুদান দিয়ে আমাদের সঙ্গে থাকুন, যাতে আমাদের রাজনৈতিক উদ্যোগের গতি আরও বেগবান হয়।"
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে ফিলিস্তিনি অধিকারের পক্ষে সোচ্চার প্রার্থীরা প্রতিনিয়ত নানামুখী রাজনৈতিক ও ডিজিটাল প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। আহমেদ মোরের মতো ফিলিস্তিনি-মার্কিন প্রার্থীর সিনেট নির্বাচনের দৌড়ে নামা এবং শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া মার্কিন নির্বাচনে বিদেশি নীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
ঘটনাটি নিয়ে প্রবাসী ফিলিস্তিনি ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আহমেদ মোরের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দাবির পক্ষে প্রচার অব্যাহত রেখেছেন এবং এই পদক্ষেপকে একটি রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যা দিয়েছেন। এক্স কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পরও তিনি তার নির্বাচনী প্রস্তুতি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।





