স্পেনের কর্দোবা শহরের একটি গির্জায় সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার বিকেলে কর্দোবা রাজধানীর নুয়েস্ত্রা সেনিয়োরা দে লা কনসোলাসিওন বা সান্তা মারিয়া দে লা কনসোলাসিওন প্যারিশ বা গির্জার ভেতর এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গির্জার ভেতরে একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বা পিঠের ব্যাগ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানান।
ফোন পাওয়ার পরপরই জাতীয় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে গির্জার ভেতর থেকে উপাসনাকারীদের নিরাপদে সরিয়ে নেয় এবং পুরো গির্জা চত্বর কর্ডন বা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্পেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল টেড্যাক্স সদস্যরা দ্রুত গির্জার ভেতরে প্রবেশ করেন। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করেন।
দীর্ঘ তল্লাশি ও প্রযুক্তিগত পরীক্ষার পর টেড্যাক্স বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে ব্যাগের ভেতরে কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য বা বিপজ্জনক বস্তু নেই। এই প্রতিবেদন নিশ্চিত হওয়ার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং নিরাপত্তা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।





