গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় গর্ভকালীন ডায়াবেটিস বা জেসটেশনাল ডায়াবেটিস মেলিটাস বলা হয়ে থাকে। সাধারণত এই শারীরিক অবস্থার কোনো স্পষ্ট উপসর্গ থাকে না, যার কারণে অধিকাংশ নারী রক্তে শর্করার এই পরিবর্তন সহজে বুঝতে পারেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের তত্ত্বাবধানে না থাকলে এটি মা ও শিশুর উভয়ের জন্যই জটিলতা তৈরি করতে পারে। তাই গর্ভাবস্থার শুরু থেকেই এ বিষয়ে বিশেষ সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট শারীরিক ও পারিবারিক প্রেক্ষাপট গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। অতিরিক্ত ওজন বা স্থূলতা, পরিবারে নিকটাত্মীয়দের ডায়াবেটিসের ইতিহাস, গর্ভধারিণীর বয়স ২৫ বছর বা তার বেশি হওয়া, এবং পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ও নিয়মিত হাঁটাচলার অভাব এই ঝুঁকির মূল কারণ। এ ছাড়া পূর্ববর্তী গর্ভাবস্থায় ডায়াবেটিসের ইতিহাস বা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের শিশু জন্মদানের পূর্বের অভিজ্ঞতা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং প্রি-ডায়াবেটিসের উপস্থিতি ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তবে অনেক ক্ষেত্রে এই ধরনের কোনো স্পষ্ট ঝুঁকি না থাকলেও নারীরা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।
গর্ভকালীন ডায়াবেটিস শনাক্তকরণের জন্য গর্ভাবস্থার ২৪ থেকে সপ্তাহ ২৮-এর মধ্যে রক্তের শর্করা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তবে যদি কোনো গর্ভবতী নারীর ক্ষেত্রে বিশেষ ঝুঁকিগুলো বিদ্যমান থাকে, তবে চিকিৎসকরা প্রথম সাক্ষাতেই রক্তের শর্করা পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন। সময়মতো রোগ নির্ণয় করা গেলে সম্ভাব্য জটিলতাগুলো সহজেই এড়ানো সম্ভব হয়।
এই চিকিৎসার মূল লক্ষ্য হলো রক্তের শর্করার মাত্রাকে একটি নির্দিষ্ট ও নিরাপদ সীমার মধ্যে নিয়ন্ত্রণ করা। সময়মতো ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ নারীই সুস্থভাবে তাঁদের গর্ভাবস্থার সময়কাল অতিবাহিত করতে পারেন। চিকিৎসার প্রথম ধাপে সাধারণত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্যতালিকা ও গ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া নিয়মিত গ্লুকোমিটারের সাহায্যে রক্তের শর্করা মেপে তার ফলাফল লিখে রাখা এবং মা ও অনাগত শিশুর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ।
অনেক গর্ভবতী নারী গর্ভাবস্থায় ইনসুলিন ব্যবহারের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকের মধ্যে এমন ভুল ধারণা কাজ করে যে, ইনসুলিন গ্রহণ করলে অনাগত শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে কিংবা সন্তান জন্মের পর শিশু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিকিৎসকদের মতে, গর্ভকালীন অবস্থায় রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন একটি সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চললে গর্ভকালীন ডায়াবেটিসকে সফলভাবে মোকাবিলা করা সম্ভব।



