পোল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। দেশটির সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী ওয়ারশতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বর্তমান ইউরোপপন্থী সরকারের এই পদক্ষেপকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে গত শুক্রবার বেশ কয়েকজন বিক্ষোভকারী ট্রাইব্যুনালের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তেজিত বিক্ষোভকারীদের একটি অংশ ট্রাইব্যুনালের মূল বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় অন্য একদল বিক্ষোভকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় সাময়িকভাবে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
এই অভ্যন্তরীণ সংকটের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। ঘটনার সময় তিনি সরকারি সফরে সেনেগালের উদ্দেশে আকাশপথে ছিলেন। গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান যে, দেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে তিনি তাঁর সেনেগাল সফর সংক্ষিপ্ত করে পোল্যান্ডে ফিরে আসছেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে, এ ধরনের সংকটময় মুহূর্তে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর পোল্যান্ডে থাকা বাধ্যতামূলক।
পোল্যান্ডের শীর্ষ বিচারিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বর্তমান সরকার এবং প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী-রক্ষণশীল ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক বিরোধ চলছে। উল্লেখ্য, পিআইএস দল্বটি ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পোল্যান্ডের ক্ষমতায় ছিল। পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়া সমালোচকদের মতে, ওই শাসন আমলেই দলটি সাংবিধানিক ট্রাইব্যুনালসহ দেশের প্রধান বিচারিক প্রতিষ্ঠানগুলোতে নিজেদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।
পিআইএসের তৎকালীন ওইসব বিতর্কিত বিচারিক সংস্কারের জেরে ইউরোপীয় ইউনিয়ন পোল্যান্ডের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জরিমানা আরোপ করে। পরবর্তীতে বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালের নির্বাচনে জয়লাভ করে ডোনাল্ড টাস্কের নেতৃত্বাধীন বর্তমান ইউরোপপন্থী সরকার। তবে সরকারের এই সংস্কারমূলক উদ্যোগগুলো বারবার নানামুখী বাধার মুখে পড়ছে। বিশেষ করে পিআইএস-ঘনিষ্ঠ বর্তমান প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট মহল বিভিন্ন সময়ে ভেটো প্রদান করে সরকারের বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।



