একটি ফুটবল ম্যাচ। দুই দেশের লড়াই। অথচ নির্ধারিত দিনে মাঠে ছিল মাত্র একটি দল। প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে গ্যালারিতে জমেছিল দর্শক, মাঠে প্রস্তুত ছিলেন রেফারি, আর টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিল চিলির জাতীয় দল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের খেলোয়াড়েরা আসেননি। শেষ পর্যন্ত চিলির অধিনায়ক বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের শূন্য গোলে বল পাঠালেন। কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ! শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি সত্যি। ১৯৭৩ সালের ২১ নভেম্বর চিলির সান্তিয়াগোতে ঘটে যাওয়া এই ঘটনাটি ফুটবল ইতিহাসে পরিচিত ‘দ্য ঘোস্ট ম্যাচ’ বা ‘ভুতুড়ে ম্যাচ’ নামে। কিন্তু কেন একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ অনুপস্থিত ছিল? কেন একটি দেশের জাতীয় স্টেডিয়ামে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল? আর কেনই-বা ফিফা এমন একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল, যার পেছনে জড়িয়ে ছিল সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক বন্দিত্ব, নির্যাতন ও স্নায়ুযুদ্ধের উত্তেজনা?
এই অদ্ভুত ম্যাচের পেছনের গল্প বুঝতে হলে ফিরে যেতে হবে ১৯৭০-এর দশকের চিলিতে। সেদিন মাঠে যে ফুটবল খেলা হয়েছিল, তার চেয়েও বড় খেলা চলছিল মাঠের বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা, আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বজনমতকে কেন্দ্র করে। দক্ষিণ আমেরিকার দেশ চিলি। ১৯৭০ সালের ৪ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সমাজতান্ত্রিক নেতা সালভাদর আয়েন্দে। তাঁর নেতৃত্বাধীন বামপন্থী জোট ‘ইউনিদাদ পোপুলার’ বা পপুলার ইউনিটি চিলির অর্থনীতি ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। আয়েন্দের রাজনৈতিক দর্শনের বিশেষত্ব ছিল তিনি সশস্ত্র বিপ্লবের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে সমাজতান্ত্রিক পরিবর্তন আনতে চেয়েছিলে।
তবে এই রাজনৈতিক পরিবর্তন সহ্য করতে পারেনি তৎকালীন অভ্যন্তরীণ রক্ষণশীল শক্তি ও আন্তর্জাতিক পরাশক্তিগুলো। ফলে চিলির মাটিতে ঘনীভূত হতে থাকে রাজনৈতিক সংকট ও সামরিক ষড়যন্ত্র। ১৯৭৩ সালের সেই সময়ে চিলির রাজনৈতিক পরিস্থিতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, যার সরাসরি প্রভাব গিয়ে পড়েছিল ক্রীড়াঙ্গনেও। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি এমন এক সময়ে নির্ধারিত হয়েছিল যখন চিলির জাতীয় স্টেডিয়ামকে কনসেন্ট্রেশন ক্যাম্প বা রাজনৈতিক বন্দিশালা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হাজার হাজার মানুষকে সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল।
এমন মর্মান্তিক ও সংবেদনশীল পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন ওই স্টেডিয়ামে খেলতে কঠোর আপত্তি জানায় এবং ম্যাচটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের দাবি জানায়। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি খারিজ করে দেয় এবং সান্তিয়াগোতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকে। সোভিয়েত কর্তৃপক্ষ নিরাপত্তার অভাব এবং নৈতিক অবস্থান থেকে চিলিতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ, নির্ধারিত দিনে কেবল চিলির দলই মাঠে উপস্থিত হয় এবং রেফারি বাঁশি বাজানোর পর অত্যন্ত নাটকীয় ও প্রতীকী এক পরিস্থিতিতে ম্যাচটি সম্পন্ন হয়।
ফুটবল ইতিহাসের এই করুণ অধ্যায় প্রমাণ করে যে খেলাধুলা সবসময় রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারে না। বিশ্ব ক্রীড়াঙ্গনে স্নায়ুযুদ্ধের প্রভাব এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনার সাক্ষী হয়ে এই ম্যাচটি আজও এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা হয়। চিলির সেই মাঠে ১৭ সেকেন্ডের নাটক কেবল একটি ফুটবল ম্যাচের পরিণতি ছিল না, বরং তা ছিল তৎকালীন বৈশ্বিক ভূরাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বের এক নির্মম প্রতিচ্ছবি।




