সংযুক্ত আরব আমিরাতের স্কুল শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় ও বোধগম্য করে তুলতে একটি যুগান্তকারী শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াংগো গ্রুপ। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বাস্তবমুখী ধারণা প্রদান করা।
এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দুবাইয়ের মর্যাদাপূর্ণ জেমস ওয়ার্ল্ড একাডেমিতে একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ কর্মশালার আয়োজন করা হয়। এই উদ্বোধনী আয়োজনে ১০ থেকে ১২ বছর বয়সী প্রায় ৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ইয়াংগো গ্রুপের প্রযুক্তি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পায়।
কর্মশালায় ইয়াংগো গ্রুপের কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় সিস্টেম বিশেষজ্ঞরা রোবটিক্সের মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে সহজভাবে তুলে ধরেন। রোবটিক্স সেশনের সময় শিক্ষার্থীরা হাতে-কলমে দেখতে পায় কীভাবে বিভিন্ন সেন্সর এবং নেভিগেশন সফটওয়্যার একত্রে কাজ করে একটি স্বয়ংক্রিয় সিস্টেমকে চারপাশের পরিবেশ বুঝে বাধা অতিক্রম করতে, চলাচলের পথ নির্ধারণ করতে এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। ইয়াংগো গ্রুপের নিজস্ব স্বয়ংক্রিয় ডেলিভারি রোবটকে বাস্তব মডেল হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয় কার্যক্রমে মানবীয় তদারকির গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে রোবট ব্যবহারের নানাবিধ চ্যালেঞ্জ সম্পর্কেও অবগত হয়।
এ ছাড়াও কর্মশালার একটি বড় অংশ জুড়ে ছিল কনভারসেশনাল এআই বা কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সেশনে আলোচনা করা হয় কীভাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা কণ্ঠভিত্তিক সহকারীরা মানুষের মুখের কথা ও অনুরোধ বুঝতে পারে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া জানায়। ইয়াংগোর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট অ্যাসিস্ট্যান্ট 'ইয়াসমিনা'-এর বিভিন্ন ব্যবহারিক উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীরা এই প্রযুক্তির কার্যপ্রণালী সরাসরি উপভোগ করে।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারমূলক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ইতিবাচক দিকগুলো যেমন আয়ত্ব করতে পারছে, তেমনি আধুনিক উদ্ভাবনগুলোর প্রতি তাদের কৌতূহল ও সৃজনশীলতাও বৃদ্ধি পাচ্ছে। ইয়াংগো গ্রুপ জানিয়েছে যে, আমিরাতের অন্যান্য স্কুলগুলোতেও এই শিক্ষামূলক কর্মসূচি পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।





