জার্মানির কোটবুস জেলা আদালত এক শিক্ষককে একাধিক শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতন এবং হুমকির অভিযোগে এক বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে, যা স্থগিত রাখা হয়েছে। চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০২৩ সালের সেপ্টেম্বরে কোটবুসের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক সহিংসতার ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সেখানে সংগীত বিষয়ে শিক্ষকতা করতেন এবং তিনি মূলত অন্য পেশা থেকে শিক্ষ প্রাঙ্গণে এসেছিলেন। আদালতের রায়ে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ক্লাসরুমের ভেতরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং মোট চারটি ঘটনায় শারীরিক সহিংসতা চালান। এর মধ্যে ১১ বছর বয়সী এক শিশুকে ক্লাসের ভেতরেই কোমরে লাথি মারা হয় এবং তার মাথার পেছনে হাত দিয়ে সজোরে আঘাত করা হয়। এই পৈশাচিক নির্যাতনে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়। এছাড়া, ১২ বছর বয়সী আরও দুই শিশুকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রাথমিক তদন্তে হামলার শিকার শিক্ষার্থীর সংখ্যা কম বলা হলেও পরবর্তীতে ভুক্তভোগীর সংখ্যা বৃদ্ধি পায়।
আদালতে বিচার চলাকালীন অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ নিঃশর্তভাবে স্বীকার করেন এবং আদালত কক্ষেই ভুক্তভোগী ও সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিচারক তার রায়ে কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। দণ্ডিত শিক্ষককে একজন শিক্ষার্থীকে ১০০ এবং অপর দুজন শিক্ষার্থীকে ২০০ ইউরো করে মোট ৫০০ ইউরো ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হবে। বিচার প্রক্রিয়ায় এই শাস্তি নিশ্চিত করা হয়।
এদিকে স্থানীয় মানবাধিকার ও সহায়তা সংস্থা 'অপফারপার্স্পেক্টিভ' (Opferperspektive) জানিয়েছে যে, আক্রান্ত শিশুগুলোর অভিবাসী পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঘটনার পর অভিভাবকদের পক্ষ থেকে মামলা দায়ের করার পর পুলিশ সম্ভাব্য কোনো বর্ণবাদী উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে নিবিড় তদন্ত চালায়। তবে বিচারিক প্রক্রিয়ায় বর্ণবাদের অভিযোগটি খুব একটা প্রাধান্য পায়নি এবং বিষয়টি পার্শ্বালোচনা হিসেবেই বিবেচিত হয়। বিচারালয়ের এই রায় এখনও চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকতে পারে।





