যুক্তরাজ্যে প্রায় ছয় দশকের মধ্যে বাষ্পীয় ট্রেনের ধাক্কায় প্রাণহানির প্রথম ঘটনা ঘটেছে। বুধবার (স্থানীয় সময়) সকালে পশ্চিম লন্ডনের হানওয়েল রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর ফলে যুক্তরাজ্যে ঐতিহাসিক বাষ্পীয় ট্রেনের নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্রেনটি ছিল ৩৪০২৮ এডিসস্টোন লোকোমোটিভ। এটি পশ্চিম লন্ডনের সাউথহল ডিপো থেকে ভিক্টোরিয়া স্টেশনের দিকে রওনা হয়েছিল। পরিকল্পনা ছিল, সেখান থেকে ট্রেনটি ঐতিহাসিক আর্মিস্টিস স্টিম এক্সপ্রেস হিসেবে কেন্ট কাউন্টির ক্যান্টারবারির উদ্দেশে যাত্রা করবে এবং স্মরণ দিবসের (রিমেমব্রেন্স ডে) বিশেষ অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে হানওয়েল স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তি হঠাৎ রেললাইনে নেমে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির পরিচালনা প্রতিষ্ঠান সাউথান লোকোমোটিভস লিমিটেড এক গভীর শোকবার্তায় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই দুর্ঘটনার পরপরই ওই দিনের নির্ধারিত পুরো ট্যুর বা ভ্রমণ কর্মসূচি তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় গ্রেট ওয়েস্টার্ন মেইন লাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে এলিজাবেথ লাইনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে বুধবার সারাদিন ট্রেন চলাচল বিঘ্নিত হয়, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
যুক্তরাজ্যের রেল ইতিহাস ঘেঁটে দেখা যায়, দেশটিতে যাত্রীবাহী নিয়মিত বাষ্পীয় ট্রেনের শেষ শিডিউল পরিচালিত হয়েছিল ১৯৬৮ সালের আগস্ট মাসে। লিভারপুল থেকে প্রেস্টন পর্যন্ত চলা বিখ্যাত ‘ফিফটিন গিনি স্পেশাল’ ছিল ব্রিটিশ রেলওয়ের শেষ নিয়মিত বাষ্পীয় যাত্রীবাহী ট্রেন। ওই বছরই ব্রিটিশ রেলওয়ে মূল লাইনে বাষ্পীয় ট্রেনের চলাচল নিষিদ্ধ করে। তবে পরবর্তী সময়ে বিশেষ ঐতিহাসিক ভ্রমণ, হেরিটেজ লাইন এবং পর্যটক আকর্ষণ করার উদ্দেশ্যে সীমিত পরিসরে এগুলো চালানোর অনুমতি দেওয়া হয়।
বর্তমানে বিশ্বের খুব অল্প কিছু দেশেই বাষ্পীয় লোকোমোটিভ সচল রয়েছে। এর মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর কোরিয়া এবং পোল্যান্ডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যুক্তরাজ্যে দীর্ঘ ৫৯ বছর পর বাষ্পীয় ট্রেনের মাধ্যমে এমন প্রাণহানির ঘটনা ঘটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেলওয়ে সেফটি বোর্ড নড়েচড়ে বসেছে। এই দুর্ঘটনার পেছনে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।





