ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান এবং গ্রিন পার্টিকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের জেরে তীব্র অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী ইহুদি প্রতিনিধিত্বকারী সংস্থা ‘বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস’। দেশটির শতাধিক বিশিষ্ট ব্রিটিশ ইহুদি এই সংস্থার বিরুদ্ধে ‘জেনোসাইড ডিনায়েল’ বা গণহত্যা অস্বীকারের মতো মারাত্মক অভিযোগ তুলে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। ‘জুস এগেইনস্ট জেনোসাইড ডিনায়েল’ নামক সংগঠনের ব্যানারে মঙ্গলবার এই চিঠিটি প্রকাশ করা হয়, যা দেশটির ইহুদি সম্প্রদায়ের ভেতরে দীর্ঘকাল ধরে চলা নীতিগত বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে।
চিঠিতে মূলধারার এই ইহুদি প্রতিনিধিত্বকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান দমনপীড়ন ও সামরিক আগ্রাসনের জন্য তেল আবিবকে জবাবদিহিতার আওতা থেকে রক্ষা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজ সম্প্রদায়ের ভেতরে থাকা ভিন্নমত ও সমালোচনাকে কণ্ঠরোধ করার অভিযোগও আনা হয়েছে বোর্ড অব ডেপুটিজের বিরুদ্ধে। ফিলিস্তিনপন্থী অবস্থান ও ইসরায়েলি নীতির সমালোচকদের ওপর বিভিন্ন উপায়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করা হয় চিঠিতে।
এই প্রতিবাদী পদক্ষেপে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ আভি শ্লাইম, দক্ষিণ আফ্রিকার সাবেক সংসদ সদস্য ও অস্ত্র বাণিজ্যবিরোধী আন্দোলনকর্মী অ্যান্ড্রু ফাইনস্টাইন এবং বিশিষ্ট মানবাধিকার আইনজীবী মার্গারেট ওয়েনসহ আড়াই শতাধিক বরেণ্য ব্যক্তি। ব্রিটিশ সমাজে সুপরিচিত এসব ব্যক্তিত্বের সম্পৃক্ততা এই আন্দোলনকে একটি শক্তিশালী রূপ দিয়েছে এবং মূলধারার ইহুদি নেতৃত্বের ওপর নৈতিক চাপ সৃষ্টি করেছে।
গত ২৫ অক্টোবর বোর্ড অব ডেপুটিজের পক্ষ থেকে এক ঘোষণায় ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টিকে একটি ‘বর্ণবাদী দল’ হিসেবে আখ্যায়িত করা হয়। দলের একটি বার্ষিক সম্মেলনে যখন ইহুদি জাতীয়তাবাদ বা Zionism-কে বর্ণবাদের একটি রূপ হিসেবে উল্লেখ করে প্রস্তাব পাস করা হয়, ঠিক তখনই এর তীব্র প্রতিক্রিয়া জানায় বোর্ড অব ডেপুটিজ। তাদের দাবি ছিল, গ্রিন পার্টির এই অবস্থান ইহুদিবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এই ঘটনার জেরে বোর্ডে কর্মরত ও সংশ্লিষ্ট উদারপন্থী এবং ফিলিস্তিনপন্থী ইহুদিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এর প্রতিবাদেই এই যৌথ খোলা চিঠিটি জাতির সামনে উপস্থাপন করা হয়।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের ভেতরে রাজনৈতিক ও নৈতিক অবস্থান নিয়ে চলমান গভীর মতপার্থক্যকে জনসমক্ষে নিয়ে এসেছে। একদিকে যেখানে ঐতিহ্যবাহী সংগঠনগুলো ইসরায়েল রাষ্ট্রকে অন্ধ সমর্থন জুগিয়ে আসছে, অন্যদিকে তরুণ ও বুদ্ধিজীবী প্রজন্মের ইহুদিরা মানবাধিকারের প্রশ্নে ফিলিস্তিনিদের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে জোরালো অবস্থান নিচ্ছেন। এই খোলা চিঠির পর বোর্ড অব ডেপুটিজের ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকেই বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার চাপ তৈরি হয়েছে।





