যুক্তরাজ্যের ওরচেস্টারশায়ার এলাকায় এক ১৩ বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ওরচেস্টারের নানারি উড এলাকার একটি সবুজ ঘেরা ফুটপাতে এই মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী প্রতিদিনের মতো স্কুলেই যাচ্ছিল, ঠিক সেই সময়ই অজ্ঞাতপরিচয় এক যৌন অপরাধী তার ওপর চড়াও হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি ওরচেস্টারশায়ার রয়্যাল হসপিটাল এবং নানারি উড হাই স্কুলের মধ্যবর্তী একটি উন্মুক্ত সবুজ এলাকায় অবস্থিত। অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালালেও ভুক্তভোগী কিশোরী অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারীর কবল থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এই লোমহর্ষক ঘটনার পর থেকে কিশোরী ও তার পরিবার চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় মাঠে নেমেছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সমাজকর্মীরা।
ঘটনার পর থেকেই অপরাধীকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম। তদন্তের অংশ হিসেবে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগামী সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশি টহল ও উপস্থিতি বজায় থাকবে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে এবং সে মিশ্র জাতির। ঘটনার সময় তার পরনে সম্পূর্ণ কালো রঙের পোশাক ছিল।
তদন্তের অগ্রগতির বিষয়ে ডিরেক্টর অব ক্রাইম ইনভেস্টিগেশন (ডিজিসিআই) গ্যারেথ লাউঘার জানিয়েছেন, মেজর ইনভেস্টিগেশন ইউনিটের (এমআইইউ) একদল ডেডিকেটেড গোয়েন্দা কর্মকর্তা অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলার তদন্ত পরিচালনা করছেন। অপরাধীকে দ্রুত শনাক্ত করতে একাধিক সম্ভাব্য সূত্র ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্ত কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে স্থানীয় বাস কোম্পানিগুলোর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ঘটনার সময় ওই এলাকার আশপাশ দিয়ে চলাচলকারী বাসগুলোর ড্যাশস্যাম এবং ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এছাড়া এলাকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ।





