ইতালীয় বিনোদন জগতের পরিচিত মুখ ও জনপ্রিয় উপস্থাপিকা পাওলা বারাল তার গলার ক্যানসার জয়ের চাঞ্চল্যকর ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা প্রকাশ করেছেন। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘লে ইএনে’-এর ক্যামেরার সামনে তিনি জানান যে, তিনি প্যাপিলোমা ভাইরাসের কারণে সৃষ্ট তৃতীয় স্টেজের গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ ও কঠিন চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে শেষ করে বর্তমানে তিনি সম্পূর্ণ রোগমুক্ত বা রিমিশনে রয়েছেন। ব্যক্তিগত এই লড়াইয়ের কথা প্রকাশ্যে এনে তিনি কেবল নিজের সেরে ওঠার গল্পই শোনাননি, বরং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা ও নিয়মিত প্রতিরোধমূলক পরীক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতন করেছেন।
অনুষ্ঠানের সম্প্রচারিত পর্বে পাওলা বারাল সেই ভীতিপ্রদ মুহূর্তটির কথা স্মরণ করেন, যখন চিকিৎসক তাকে প্রথম ক্যানসারের কথা জানিয়েছিলেন। তিনি জানান, কানের ও গলার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পাওয়া একটি খুদে বার্তার মাধ্যমে তিনি প্রথম খবরটি পান। চিকিৎসক তাকে দ্রুত কল করতে বলেন এবং ফোন করার পর তাকে জানান যে এটি ক্যানসার হতে পারে। ওই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বারাল বলেন, তিনি সঙ্গে সঙ্গেই মনকে শক্ত করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে এটি কাটিয়ে ওঠা সম্ভব। তবে সেই সংবাদ শোনার পরপরই তার মনে একটি হীমশীতল অনুভূতির সৃষ্টি হয়েছিল, যেন বিষয়টি তার নিজেরই জীবনের অংশ কিন্তু তবুও যেন বিশ্বাস হতে কিছুটা সময় লেগেছিল।
চিকিৎসা চলাকালীন নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে এই তারকা জানান যে, তিনি কখনই চাননি কেউ তাকে একজন অসুস্থ বা অসহায় ব্যক্তি হিসেবে দেখুক। চিকিৎসক ছাড়া অন্য কারও কাছ থেকে রোগীসুলভ আচরণ তিনি কখনই গ্রহণ করেননি। রোগকে কখনো নিজের ওপর মানসিক বা শারীরিক দুর্বলতা হিসেবে চেপে বসতে দেননি তিনি। নিজের এই দৃঢ় মনোবল এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার ফলেই তিনি আজ ক্যানসারকে সম্পূর্ণ পরাস্ত করতে পেরেছেন বলে জানান।
পাওলা বারালের এই খোলামেলা স্বীকারোক্তি ইতালির গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্যানসারের মতো মারাত্মক একটি রোগকে জয় করার পর তার এই বার্তা সমাজে এক যুগান্তকারী প্রভাব ফেলবে বলে মনে করছেন চিকিৎসকরা। তিনি তার ভক্ত ও সাধারণ মানুষকে প্যাপিলোমা ভাইরাস সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করতে এবং সময়মতো চিকিৎসকদের পরামর্শ নিয়ে সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন, যাতে যেকোনো রোগ প্রাথমিক অবস্থাতেই চিহ্নিত করে নিরাময় করা সম্ভব হয়।





