ফিলিস্তিনি নাগরিকদের রাজনৈতিক সমর্থন নিয়ে গঠিত সরকারে অংশ নেওয়া ইহুদি রাজনৈতিক নেতাদের হত্যার পক্ষে বিতর্কিত ধর্মীয় ফতোয়া বা হলাখিক রুলিং জারি করে চরম বিতর্কের জন্ম দিয়েছেন চাবাদ আন্দোলনের এক জ্যেষ্ঠ রাব্বি। গত সপ্তাহের শুরুর দিকে দেওয়া এই ফতোয়ায় তিনি বলেন, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিবিদদের ওপর ডিন রোদেফ বা 'তাড়াকারি আইন' প্রযোজ্য।
চাবাদ-লুবাবিচ হাসিদিক আন্দোলনের জ্যেষ্ঠ ধর্মগুরু গেদালিয়া আক্সেলরুদ এই বিতর্কিত ফতোয়াটি প্রদান করেন। ইহুদি ধর্মীয় আইন অনুযায়ী, রোদেফ এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি অন্য ব্যক্তির জীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেন এবং প্রয়োজনে যেকোনো উপায়ে তাকে নিবৃত্ত করা বৈধ। অতীতে ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইতদাক রবিনকে হত্যার পেছনে এই একই ধর্মীয় মতবাদকে যুক্তি হিসেবে ব্যবহার করেছিলেন তার হত্যাকারী ইিগাল আমির।
গেদালিয়া আক্সেলরুদ তার ফতোয়ায় লিখেছিলেন যে, পবিত্র ভূমিতে এবং বিশ্বজুড়ে ইসরায়েলি জনগণের জন্য আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা একটি ভয়ঙ্কর বিপদের আশঙ্কা তৈরি করে। তার এই মন্তব্য ইসরায়েলি রাজনৈতিক অঙ্গন ও ধর্মীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তীব্র উদ্বেগের জন্ম দেয়।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে চাবাদ-লুবাবিচ হাসিদিক আন্দোলন তাৎক্ষণিকভাবে এই ফতোয়া থেকে নিজেদের সম্পূর্ণ দূরত্ব বজায় ঘোষণা করে। আন্দোলনটির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে, গেদালিয়া আক্সেলরুদের এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই। রাজনৈতিক সহিংসতার অতীত ইতিহাস সম্পন্ন এই ধরনের ফতোয়া সমাজে নতুন করে বিশৃঙ্খলা ও নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।





