অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া ট্রেন সার্ফিং করতে গিয়ে এক ১৭ বছর বয়সী কিশোর গুরুতর আহত হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওই কিশোরের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলন্ত ট্রেনের বাইরে ঝুলে ভ্রমণ করার এই মারাত্মক প্রবণতা আবারও জনমনে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
পুলিশ ও জরুরি সেবা প্রদানকারী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিডনির উইনইয়ার্ড এবং মিলসনস পয়েন্ট রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত হারবার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। একটি উত্তরমুখী তাঙ্গারা ট্রেনের বাইরের অংশ থেকে এক কিশোর রেললাইনের ওপর ছিটকে পড়ে গেছে—এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল।
উদ্ধারকারী চিকিৎসকরা জানিয়েছেন, চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যাওয়ায় ওই কিশোরের মাথা, বুক এবং শ্রোণীদেশে (পেলভিস) মারাত্মক জখম হয়েছে। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের মতে, তার আঘাতগুলো এতটাই গুরুতর যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল।
এই মর্মান্তিক ঘটনার পর সিডনি ট্রেনস কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর ভাষায় বিরূপ মন্তব্য করেছে এবং একটি কড়া সতর্কবার্তা জারি করেছে। রেলওয়ে কতৃপক্ষের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, 'আপনি কোনোভাবেই চারশ টনের একটি ভারী ট্রেনের সঙ্গে খেলা করতে পারেন না বা হেয়ালি করতে পারেন না।' এ ধরনের বিপজ্জনক বিনোদন বা ইন্টারনেটে ভাইরাল হওয়ার নেশা যেকোনো মুহূর্তে প্রাণঘাতী হতে পারে বলে তারা উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে তরুণ ও কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার আশায় বা উত্তেজনার বশে চলন্ত গাড়ির বাইরে বা ট্রেনের ছাদে চড়ার মতো প্রাণঘাতী ট্রেন সার্ফিংয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই দুর্ঘটনার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ ও রেলওয়ে বিভাগ যৌথভাবে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সন্তানদের এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত রাখেন এবং রেলওয়ে করিডোরে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে।





