ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন বেআইনিভাবে ট্যাপ বা চুরি করার গুরুতর অভিযোগে এক জেনারেলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (স্থানীয় সময়) পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের গোপনীয়তা লঙ্ঘন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
২০২৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। বিশেষ করে দেশের অর্থনীতি পরিচালনা এবং ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বিষয়টিকে কেন্দ্র করে তার প্রশাসনের ওপর রাজনৈতিক ও সামাজিক চাপ ক্রমাগত বাড়ছে। এর মধ্যেই এই ফোন ট্যাকিংয়ের ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে।
পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আসপ সাফ্রুদিন সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত তিন সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়েছে এলএসপি, এএসএন এবং ইএইচ আদ্যক্ষরের মাধ্যমে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যে, তারা কোনো ধরনের আইনি প্রক্রিয়া, আদালতের পরোয়ানা কিংবা বৈধ কারণ ছাড়াই প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ছাড়াও দেশের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের ফোন কল নজরদারিতে রেখেছিলেন।
গত শুক্রবার এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে এক পুলিশ কর্মকর্তা নিজেই বাদী হয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এরপরই দ্রুত নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। জাকার্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কর্মকর্তা আসপ সাফ্রুদিন জানান, মামলা দায়েরের পর থেকে এ পর্যন্ত ১০ জন সাক্ষী এবং ৩ জন বিশেষজ্ঞ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া আলামত হিসেবে ১১টি মোবাইল ফোন, একটি আইপ্যাড এবং চারটি পেনড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ জব্দ করেছে পুলিশ।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ার প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের সাইবার অপরাধ বা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এদিকে পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে দেশটির বিচারমন্ত্রী ইউসরিপ ইঝা মাহেন্দ্রও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্তের স্বচ্ছতা বজায় রেখে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।





