চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগ জানায়, থাইল্যান্ডে একটি গলফ টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় বজ্রপাতে ১৫ বছর বয়সি এক তরুণী গলফ খেলোয়াড় প্রাণ হারিয়েছেন। নিহত এই উদীয়মান ক্রীড়াবিদের নাম আয়ভারিন প্রাদুবিয়ার্ত। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় তার ৩১ বছর বয়সি নারী ক্যাডি সাইথার্ন বুনকের্ডও আহত হয়েছেন। রোববার বিকেলে থাইল্যান্ডের চাচেওংসাও প্রদেশের লোটাস ভ্যালি গলফ রিসোর্টে প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার দিন টুর্নামেন্ট চলাকালে হঠাৎ করেই আকাশ কালো করে ভারী বর্ষণ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আয়ভারিন যখন ১১ নম্বর হোলে পুটিং করছিলেন, ঠিক তখনই পরপর কয়েকটি শক্তিশালী বজ্রপাত আকাশ চিরে নেমে আসে। এর তীব্রতায় তরুণী গলফার ও তার ক্যাডি অচেতন হয়ে পড়েন। বৃষ্টি শুরু হওয়ার পর টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হলেও আয়ভারিন এবং সাইথার্ন যথাসময়ে ফিরে না আসায় পরে গলফ কোর্সে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোরী খেলোয়াড়ের শরীরের ডানপাশে মাথা থেকে শুরু করে হাত ও পা পর্যন্ত গুরুতর পোড়ার চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান করা হয় এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ব্যাং নাম প্রিয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আয়ভারিনকে পুথ্থাসোথন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত কিশোরীর মা নাৎচা প্রাদুবিয়ার্ত সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বজ্রপাতে মেয়ের হৃদস্পন্দন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল, তবুও সে মৃত্যুর সঙ্গে লড়াই করে তার বাবার বিদেশ থেকে ফিরে এসে শেষ বিদায় জানানোর সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করেছিল। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আবহাওয়া খারাপ হওয়ার পরও সময়মতো খেলা স্থগিত করা হয়নি এবং গলফ কোর্সে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালে নিতে কিছুটা বিলম্ব হয়। এই আকস্মিক মৃত্যুতে পুরো থাইল্যান্ডের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





