অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ মেলবোর্ন কাপের ১৬৫ বছরের ইতিহাসে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছেন ঘোড়দৌড় প্রশিক্ষক সিয়ারন মাহের। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি পদকই জয় করেছে তাঁর প্রশিক্ষিত ঘোড়াগুলো। তবে এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে রয়েছে এক রাজকীয় ও রোমাঞ্চকর ঘটনা, যার কেন্দ্রে ছিলেন স্বয়ং যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
চিত্রা পোস্টের অনুসন্ধানে জানা গেছে, বিজয়ী শীর্ষ ঘোড়া 'পয়েন্ট অব ল'-কে ব্রিটিশ রাজপরিবারের প্রধান রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের বিখ্যাত রয়্যাল আসকোট উৎসবের সময় উইন্ডসর ক্যাসেলে রাজার সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন সিয়ারন মাহের এবং তাঁর মা আইলিন মাহের। রাজ পরিবারে হাতে লেখা চিঠি পাঠানোর পর রাজপরিবারের আমন্ত্রণে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সূত্র ধরেই বিখ্যাত রেসঘোড়া 'ফ্র্যাঙ্কেল'-এর সন্তান 'পয়েন্ট অব ল'-কে কেনার চুক্তি চূড়ান্ত করা হয়।
চুক্তির গোপনীয়তা বজায় রাখার শর্ত থাকলেও বাজার বিশেষজ্ঞদের ধারণা, ঘোড়াটি কিনতে সিয়ারন মাহেরকে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার গুণতে হয়েছে। তবে এই বিনিয়োগের পুরো সুফলই তিনি মেলবোর্ন কাপে পেয়েছেন। ফ্লেমিংটনের মূল দৌড়ে বিজয়ী হয়ে ৪৫ লাখ ডলার এবং এর আগে জিঅং কাপ জিতে আরো ৩ লাখ ডলার তুলে নেয় এই ঘোড়ার মালিকপক্ষ। এছাড়া চুক্তি অনুযায়ী, ঘোড়াটির সফলতার একটি বিশেষ বোনাস রাজাও লাভ করবেন।
এই ঘোড়ার যৌথ মালিকদের দলে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফুটবলার ক্রিস জাড, বিশিষ্ট বিজ্ঞাপন ব্যক্তিত্ব জন ও'নিল এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার জন উইলি। যৌথ মালিক ক্রিস জাড জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ক্রীড়াক্ষেত্রে এমন উচ্চমাত্রার উত্তেজনা পূর্ণ ইভেন্টে অংশ নেওয়া রোমাঞ্চকর এবং এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত।
মেলবোর্ন কাপে সিয়ারন মাহেরের আধিপত্য ছিল একচেটিয়া। দৌড়ে প্রথম ছয়টি ঘোড়ার মধ্যে পাঁচটি এবং শীর্ষ ১০টির মধ্যে ছয়টিই ছিল তাঁর আস্তাবলের। প্রতিযোগিতার ১ কোটি ২ লাখ ডলারের মোট পুরস্কারের মধ্যে প্রায় ৬৮ লাখ ৩০ হাজার ডলারই অর্জন করেছে মাহেরের ঘোড়াগুলো। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় মেলবোর্ন কাপ খেতাব।
৪৫ বছর বয়সী মাহের একসময় প্রখ্যাত প্রশিক্ষক বার্ট কামিংসের আস্তাবলে জাম্পস জকি হিসেবে কাজ করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। সেই গুরুর সাফল্যকে স্মরণ করে এবং তাঁর নীতি অনুসরণ করেই আজ বিশ্ব ঘোড়দৌড়ের মানচিত্রে নতুন এক মাইলফলক স্থাপন করলেন এই অস্ট্রেলীয় প্রশিক্ষক।





