মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা লোগান সার্কেলে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিবর্ষণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। ‘ভিডা ফিটনেস’ নামের একটি ব্যায়ামাগার ও সংলগ্ন এলাকায় শুরু হওয়া এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তী প্রধান জেফরি ডব্লিউ ক্যারল জানান, হামলাকারীর নাম ম্যাট ওয়েড ল্যাম্বার্ট (৫৫)। তিনি ভিডা ফিটনেস সংলগ্ন একটি আবাসিক ভবনের বাসিন্দা ছিলেন। অন্যদিকে এই ঘটনায় নিহত ব্যক্তির নাম জেমস স্টুয়ার্ট (৪৬)। তিনি উত্তর-পশ্চিম ওয়াশিংটনের স্থায়ী বাসিন্দা এবং হামলার ঘটনাস্থল ভবনটির ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং চারপাশের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে আশেপাশের প্রায় এক ডজন শিক্ষা প্রতিষ্ঠানে তাৎক্ষণিক লকডাউন জারি করা হয়। পাশাপাশি স্থানীয় অধিবাসীদের বাসা-বাড়ির ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়।
সন্ধ্যা নামতেই দুর্ঘটনাস্থলে পুলিশি পাহারা জোরদার করা হয়। সিটি কাউন্সিল সদস্য ব্রুক পিন্টোর উদ্যোগে হতাহতদের স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়। সেখানে স্থান পেয়েছিল শত শত ফুল ও হাতে লেখা শোকবার্তা। সাধারণ মানুষ ভিডা ফিটনেসের সামনে এসে নিহত জেমস স্টুয়ার্টের প্রতি শ্রদ্ধা জানান এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
স্মরণকালের অন্যতম এই ভয়াবহ ঘটনার ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে লোগান সার্কেল এলাকা। তবে কোন পরিস্থিতিতে ল্যাম্বার্ট এই সহিংস কর্মকাণ্ড ঘটিয়েছেন, তার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন পুলিশ।





